মেহেরপুরের সন্ত্রাসীদের বোমায় কৃষক লীগ নেতার দু’ পা উড়ে গেছে, এক সন্ত্রাসীর চোখ উপড়ে ফেলেছে জনতা
বুধবার গভীর রাতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে সন্ত্রাসীদের বোমায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: ওয়ারেছ আলীর দু’ পা উড়ে গেছে। এতে তার সম্পূর্ণ শরীর ঝলসে গেছে।
ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বোমা নিক্ষেপকারীদের মধ্যে সন্ত্রাসী কাউছারকে ধরে গণপিটুনি দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ওয়ারেছকে গুরুতর অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ এটি পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা বলে দাবি করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার ওয়ারেছের দারিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সারের গুদামের বার্ষিক হালখাতা চলছিল। এ সময় ১০/১২ জন সন্ত্রাসী তার সারের গুদাম ঘেরাও করে ফেলে।
এ সময় তারা উপস্থিত আমন্ত্রিতদের মারপিট ও হালখাতার সব টাকা লুট করার চেষ্টা করে। এ নিয়ে স্থানীয় লোকজনের সাথে সন্ত্রাসীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসীরা সাতটি বোমা বিষ্ফোরণ ঘটায়। এতে ওয়ারেছের দু’পা উড়ে যায় এবং তার পুরো শরীর ঝলসে যায়। এছাড়াও মহসিন নামে স্থানীয় এক কৃষক আহত হয়।
এ সময় জনতা ধাওয়া করে কাউছারকে ধরে ফেলে এবং তার দুই চোখ উপড়ে ফেলে। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী কৃষক লীগ নেতা ওয়ারেছকে হত্যা প্রচেষ্টার নিন্দা এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
