বাচ্চু হত্যার প্রতিবাদে শনিবার সারা দেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ
আওয়ামী লীগ ২১ মে শনিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। দলের ঢাকা মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা এ হরতাল আহ্বান করে।
সেই সাথে বৃহস্পতিবার বিকাল চারটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হতে এডভোকেট বাচ্চু স্মরণে শোক মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বুধবার ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল শেষে ধানমণ্ডি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
জলিল বলেন, বাচ্চু হত্যাকাণ্ডের মাধ্যমে এ কথা আবারও প্রমাণিত হলো যে বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ।
তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এর আগে কখনোই এতো খারাপ অবস্থায় যায়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ পরিচালনায় আগাগোড়া ব্যর্থ সরকার বিরোধী দলের নেতাকর্মী ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের পথ বেছে নিয়েছে। পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে মৌলবাদের প্রসারের জন্য জন্যও তিনি বিএনপিকে দায়ী করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এডভোকেট রহমত আলী, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং আব্দুল মান্নান খান।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) আওয়ামী লীগের কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। আওয়ামী লীগের কর্মসূচির প্রতি সমর্থন প্রদান করবে কিনা সে বিষয়ে ১১ দলীয় জোটভুক্ত বাম সংগঠনগুলো বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় বৈঠকে সিদ্ধান্ত নেবে বলে সূত্র জানিয়েছে।
