২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভোকেট বাচ্চু হত্যার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সারাদেশে আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিডিনিউজের আদালত প্রতিবেদক জানিয়েছেন, ঢাকা আইনজীবী সমিতি হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে কোর্ট চত্বরে মৌন মিছিল বের করে।

সকালে সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলমের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি জেলা ও দায়রা জজ আদালত, মূখ্য মহানগর হাকিম আদালত ও জেলা ম্যাজিষ্ট্রেট আদালত চত্বর প্রদক্ষিণ করে।

মিছিল থেকে আইনজীবীরা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

বিডিনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, অ্যাডভোকেট বাচ্চুর গ্রামের বাড়ী লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন এতে নেতৃত্ব দেন।

মরহুমের নামাজে জানাযার পর সেখানে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়।

রাজবাড়ী ও নারায়ণগঞ্জ থেকে বিডিনিউজ প্রতিনিধিরা জানান, বাচ্চু হত্যার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির সদস্যরা কালো ব্যাচ ধারণ করেন এবং এর প্রতিবাদ করেন।

রাজধানী ঢাকায় হরতাল চলাকালে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় শ্রমিক লীগ মিছিল বের করে।

মতিঝিলের রূপালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাংলাদেশ বিমান অফিসের কাছে আসলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।