২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপনি যেদিন থেকে নতুন বেতন-ভাতা নিয়েছেন সেদিন থেকেই পে স্কেল কার্যকর করুন: প্রধানমন্ত্রীর প্রতি শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা পে স্কেল ঘোষণায় সরকারের বিলম্বের সমালোচনা করে বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে প্রধানমন্ত্রী ২০০২ সালে নিজের বেতন-ভাতা বাড়িয়েছেন। আর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য নামমাত্র পে স্কেল ঘোষণা করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যেদিন থেকে নতুন বেতন-ভাতা নিয়েছেন, সেদিন থেকেই এই পে স্কেল কার্যকর করতে হবে। সেই মোতাবেক সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

মঙ্গলবার তার পাঁচদিনের চট্টগ্রাম সফরের তৃতীয় দিনে বিভিন্ন জনসভা ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

মঙ্গলবার তিনি চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজার যান। সড়কপথে যাওয়ার সময় তিনি চকোরিয়ার নির্ধারিত জনসভা ছাড়াও পটিয়ার এজে চৌধুরী ডিগ্রী কলেজ, শান্তির হাট, পটিয়া থানা মোড়, দোহাজারী, কেরাণীর হাট, লোহাগড়া পদুয়া দোয়ারীহাট এবং বটতলী এলাকায় সাতটি অনির্ধারিত পথসভায় বক্তব্য রাখেন।

শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাস এবং জোটের দু:শাসনে দেশ জর্জরিত। প্রধানমন্ত্রী মানুষের রক্ত চুষে খাচ্ছেন। জনগণের নাভিশ্বাস উঠেছে। জনগণের টাকা লুট করে প্রধানমন্ত্রী ও তার পরিবার কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা পাচার করে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।

তিনি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, জোট সরকার ক্ষমতায় থাকলে দেশের ও মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন হবে না। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন, জোট সরকারের হাত থেকে দেশের মানুষকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ।