সংসদে অনির্ধারিত বিষয়ে উত্তপ্ত আলোচনা, অধিবেশন মঙ্গলবার শেষ হচ্ছে
জনৈক বিচারপতির নিয়োগ নিয়ে কিছু আইনজীবীর প্রধান বিচারপতিসহ আদালতকে হুমকি ও ‘আদালত অবমাননা’ সম্পর্কিত অনির্ধারিত বিষয়ে পয়েন্ট অব অর্ডারের আলোচনাকে কেন্দ্র করে সোমবার জাতীয় সংসদ সরগরম হয়ে ওঠে।
বিকেল ৫টা ২০ মিনিটে ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন বসে। দিনের কার্যসূচিতে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব দিয়ে বৈঠক শুরু হয়।
সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে প্রশ্নোত্তর শেষ হলে বিএনপির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আদালত অবমাননা এবং প্রধান বিচারপতিকে হুমকি দেওয়ার বিষয়টি উত্থাপন করেন।
তাকে সমর্থন করে জোরালো বক্তব্য দেন বিএনপির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং জহিরউদ্দিন স্বপন।
অবশ্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রশ্নোত্তর পর্ব এবং জিরো আওয়ারে পয়েন্ট অব অর্ডারের বিষয়টি কার্যপ্রণালী বিধিতে সংযুক্ত করার জন্যে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এ অনির্ধারিত আলোচনা শেষে স্পিকার একটি রুলিং দেন। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এ বিষয়ে বিবৃতি দেন।
এ সময় ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাদের বক্তব্যকে স্বাগত জানান।
দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত তিনটি মনোযোগ আকর্ষণী নোটিশের নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও পররাষ্ট্র মন্ত্রীর অনুপস্থিতিতে তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট দু’টি নোটিশের নিষ্পত্তি হয়নি। তবে জামায়াতের সদস্য মাওলানা আব্দুল আজিজের শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি নোটিশের নিষ্পত্তি হয়।
সংসদ অধিবেশন মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ দিনই মাত্র চারদিন মেয়াদের সংক্ষিপ্ত এ অধিবেশনের সমাপ্তি হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
