বিরোধী দল নয়, প্রধানমন্ত্রীই দেশে অশান্তি সৃষ্টি করছেন: শেখ হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, দেশের অশান্তি বিরোধী দলের সৃষ্টি নয়, বরং এ জন্য প্রধানমন্ত্রী ও তাঁর দলই দায়ী।
শেখ হাসিনা সোমবার চট্টগ্রামে নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অর্জিত বিজয়কে অনুসরণ করে সারা দেশে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জোট সরকারের দুঃশাসনের অবসান ঘটানোর আহ্বান জানান।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি করার শত চেষ্টার পরও জনতার ঐক্যের কাছে হেরে গিয়ে প্রধানমন্ত্রীর মনে এখন বড়ই অশান্তি।
চট্টগ্রাম সফরকালে প্রধানমন্ত্রী কর্তৃক নবনির্বাচিত মেয়রের দেওয়া ফুল গ্রহণ না করার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এটি করে তিনি সংবিধান লংঘন ও শপথ ভঙ্গ করেছেন।
তিনি আরও বলেন, দেশবাসী জোট সরকারের দুঃশাসনের কবল থেকে মুক্তি পেতে চায়। তাই চট্টলাবাসীর এ ঐতিহাসিক বিজয়কে ধরে রেখে সারা দেশে আন্দোলন এগিয়ে নিয়ে জোট সরকারের পতন ঘটাতে হবে।
বিগত আওয়ামী লীগ সরকার ও বর্তমান জোট সরকারের শাসনকাল তুলনা করে তিনি বলেন, আমরা দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলাম। আর জোট সরকার দুর্নীতি, সন্ত্রাস করে কালো টাকার পাহাড় গড়ে তুলছে। জনগণের কষ্টার্জিত সম্পদ বিদেশে পাচার করছে।
চট্টগ্রাম নাগরিক কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদুল ইসলামের সভাপতিত্বে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক কমিটির আয়োজনে নেতারা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিরোধী দলের চীফ হুইপ আব্দুস শহীদ, জাসদ নেতা মইনউদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
