চট্টগ্রাম সার্কিট হাউজের ভিআইপি রুমেও প্রচন্ড গরমে এসিবিহীন ছয় ঘন্টা কাটালেন শেখ হাসিনা
চট্টগ্রাম সার্কিট হাউজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম অবহেলা ও অবজ্ঞার কারণে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভিআইপি রুমেও প্রচন্ড গরমে এয়ার কন্ডিশনবিহীন কাটাতে হয়েছে ছয় ঘন্টা।
সোমবার সকালে শেখ হাসিনার প্রেস সেক্রেটারী আবুল কালাম আজাদ বিডিনিউজকে এই তথ্য জানান।
তিনি বলেন, গত রোববার সেই রুমের এয়ারকন্ডিশন ছয় ঘন্টা অকার্যকর ছিল।
কয়েক জন আওয়ামী লীগ নেতা ক্ষোভের সাথে জানান, শুধু এসি অকার্যকরই নয়, সেই রুমের একটি টয়লেটের ফ্লশটিও ছিল নষ্ট।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, রোববার রাত ৮টায় শেখ হাসিনার রুমের এসিটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এ অবস্থা রাত ২টা পর্যন্ত চলে। বিষয়টি কর্মকর্তাদের জানানো সত্ত্বেও তারা ত্বড়িৎ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে দীর্ঘ সময় হাসিনাকে ওই রুমে তীব্র গরমে প্রচন্ড অস্বস্তিতে কাটাতে হয়।
আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, এটি ছিল বিরোধী দলের নেতার প্রতি তাদের চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।
