মহিউদ্দিন চৌধুরীকে তৃতীয়বারের মতো নির্বাচিত করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নির্বাচিত করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, চট্টগ্রামবাসীর দাবি ৪০ দফা তথা সিটি গর্ভমেন্টের দাবি না মানলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জোটকে ক্ষমতা থেকে নামানো হবে। তিনি বলেন, সিসিসি মেয়র চট্টগ্রামের জন্য যে প্রকল্প দেবে তা অনুমোদন করতে হবে।
রোববার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে আয়োজিত বিশাল বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ দাবি জানান।
শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর বিজয়কে দুর্নীতির বিরুদ্ধে সততা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয় হিসেবে উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, চট্টলাবাসী সরকারের ভোটচুরির সকল ষড়যন্ত্র প্রতিহত করে ভোট পাহারা দিয়ে বিজয় ধরে রাখতে সক্ষম হয়েছে। চট্টগ্রামের মতো দেশের প্রতিটি নাগরিককে আগামীতে সচেতন থেকে জনগণের রায় ধরে রাখতে হবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোট যেন ভবিষ্যতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেজন্য প্রতিটি জায়গায় আপনাদের ভোট ধরে রাখতে হবে।
বিরোধী দলের নেতা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবি পুর্নব্যক্ত করে বলেন, ভোট চুরির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এই সংস্কার প্রয়োজন। চট্টগ্রামের এ বিজয় ধরে রেখে আমরা আগামীতে জনগণের বিজয় আনবো।
আওয়ামী লীগ সভানেত্রী নাগরিক কমিটির ৪০ দফা দাবির প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপণ করে বলেন, আগামীতে আমরা সরকার গঠন করতে পারলে চট্টগ্রামবাসীর দাবি বাস্তবায়ন করবো।
তিনি বলেন, বিএনপি-জামাত জোটের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষকে চট্টলাবাসীর মতো ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম গড়ে তুলতে হবে। আগামী দিনে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম নাগরিক কমিটি আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন কমিটির সাধারণ সম্পাদক ড. আবু ইউসুফ আলম।
সমাবেশ শেষে শেখ হাসিনা বিশাল বর্ণাঢ্য বিজয় মিছিলের উদ্বোধন করেন।
