চট্টগ্রামের বিজয় মিছিলে শেখ হাসিনা, বিপুল জনতার স্বত:স্ফূর্ত অংশগ্রহণ
বারো আউলিয়ার নগরী চট্টগ্রাম রোববার পরিণত হয়েছিল মিছিল, স্লোগান আর উৎসবের নগরীতে। গত ৯ মে সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিজয়ের পর সপ্তাহান্তে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে বিজয় উৎসব যেন পূর্ণতা পায়।
লাখো মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ আর ঢাক-ঢোলের ছন্দে উন্মাতাল চট্টলাবাসী বিজয় ধরে রাখার নব প্রত্যয়ে ছিল উজ্জীবিত।
ঐতিহাসিক লালদিঘী ময়দান থেকে শুরু হওয়া বিজয় মিছিলে থমকে গিয়েছিল পুরো নগরী। জাতীয় ও দলীয় পতাকা, নাগরিক কমিটির ৪০ দফা সংবলিত ফেষ্টুন, প্ল্যাকার্ড ব্যানার, হারিকেন আর নৌকার বিশালাকার প্রতিকৃতি বহন করে মিছিলকারী চট্টলাবাসীরা। বর্ণাঢ্য এ বিজয় মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়ে পড়ে চট্টগ্রামের রাজপথ।
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিকেল সোয়া পাঁচটায় লালদিঘী ময়দানে সমাবেশের পাশে একটি ট্রাকে উঠে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিলের উদ্বোধন করেন।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, ওবায়দুল কাদের, উপাধ্যক্ষ আব্দুস শহিদ, আক্তারুজ্জামান বাবু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হাজী মোহাম্মদ সেলিমসহ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক কমিটির নেতারা ট্রাকে উঠে মিছিল নিয়ে এগিয়ে যান।
নগরীর প্রধান প্রধান রাজপথ বিজয়ী জনতার স্রোতে হয়ে উঠে উদ্বেলিত।
বিজয় মিছিলটি লালদিঘী ময়দান থেকে কোতোয়ালি, নিউমার্কেট, বিআরটিসি, এনায়েতবাজার, জামালখান ও আন্দরকিল্লা প্রদক্ষিণ করে। দীর্ঘপথ নেচে গেয়ে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে তারা শেষ করে বিজয় মিছিলের প্রতীক্ষিত কর্মসূচি।
