২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নে প্রকৌশলীদের কার্যকর ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নে প্রকৌশলীদের প্রতি কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুক্ত বানিজ্যের প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যয় সাশ্রয়ী, উৎপাদন সহায়ক ও টেকসই উন্নয়নে তাদের আরও ফলপ্রসু অবদান রাখতে হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

প্রধানমন্ত্রী মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। শনিবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৪৯তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ইঞ্জিনিয়ারিং ফর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রকৌশলী কাজী এম আনোয়ারুল আজিম, সম্মানী সাধারণ সম্পাদক আনহ আকতার হোসেন ও চট্টগ্রাম শাখার সভাপতি একেএম ফজলুল্লাহ।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, অনেক রক্ত ঝরিয়ে স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছি। এবার উন্নয়ন ও দারিদ্র জয়ের যুদ্ধ। এই যুদ্ধেও আমরা পরাজয় মানতে পারিনা। তিনি সকলকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি আইইবি’র সম্মেলনের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে প্রতিপাদ্য করায় প্রকৌশলীদের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচন ও দ্রুত কর্মসংস্থান সৃষ্টিসহ দ্রুত প্রবৃদ্ধি আমাদের মূল লক্ষ্য। এ জন্য বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে একদিকে যেমন দক্ষতা ও সেবার মান বাড়াতে হবে, তেমনি চৌকস ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও ব্যয় হ্রাস করতে হবে।

তিনি বলেন, উৎপাদিত পণ্যের মান সম্পূর্ণ ত্রুটিমুক্ত পর্যায়ে নিয়ে আসতে হবে। সকল পর্যায়ে ব্যয় সাশ্রয়ী উৎপাদন কৌশল অনুসরণ এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানসম্পন্ন পণ্য তৈরী করতে হবে। উৎপাদনের প্রতিটি স্তরের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে। সমাজ ও অর্থনীতিতে উৎপাদিত পণ্যের প্রভাবও বিবেচনায় আনতে হবে। শিল্পায়ন ও উৎপাদনের এই সামগ্রিক প্রক্রিয়ায় প্রকৌশলীদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।

বেগম জিয়া বলেন, কাঙ্খিত মাত্রায় না হলেও আমরা প্রবৃদ্ধির মহাসড়কে দ্রুত এগিয়ে চলছি। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নতি প্রশংসিত হচ্ছে।

পরে প্রধানমন্ত্রী দেশের সফল দুজন প্রকৌশলীকে স্বর্ণপদক তুলে দেন। পদকপ্রাপ্ত প্রকৌশলীরা হচ্ছেন: ফিরোজ আহমদ ও গোলাম মহিউদ্দিন।

এছাড়া আইইবি’র চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রকে সেরা কেন্দ্র হিসেবে পুরস্কৃত করা হয়।