ক্রিস্টিনা রোকা’র ঢাকা ত্যাগ
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিনা রোকা দুই দিনের বাংলাদেশ সফর শেষে শনিবার সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এ সফরকালে রোকা বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধান বিরোধী দলের নেতা শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ’র বাণিজ্যিক প্রতিনিধি, জামাতে ইসলামির নের্তৃবৃন্দসহ আরও অনেকের সাথে বৈঠক করেন।
মার্কিন বাজারে বাংলাদেশের তৈরী পোশাকের শুল্কমুক্ত প্রবেশের ব্যাপারে বাংলাদেশের আবেদনের উত্তরে তিনি এটাকে কঠিন কাজ বলে উল্লেখ করেন। তবে তিনি বাংলাদেশের কর্ম তৎপরতার প্রশংসা করে একে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।
আলোচনাকালে রোকা জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্টে’ (এমসিএ) বাংলাদেশের অন্তর্ভুক্তি কিংবা নিদেনপক্ষে এর সদস্য হওয়ার সুযোগদানের জন্য আবেদন জানিয়েছিলেন।
ক্রিস্টিনা রোকা বলেন, এমসিএ’র সদস্য হওয়ার জন্য যে কোনও দেশকেই বেশ প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়। সদস্য হওয়ার জন্য বাংলাদেশকেও প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।
সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে রোকা বলেন, এমসিএ’র নিজস্ব নীতিমালায় যোগ্যতার ভিত্তিতেই এর সদস্য করা হয়। বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনকে এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
এমসিএ’র আওতায় মার্কিন প্রেসিডেন্ট বুশ বেশ দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন, ওয়াশিংটন তিন বছরে মৌলিক উন্নয়ন খাতে শতকরা ৫০ ভাগ সাহায্য বৃদ্ধি করবে। ২০০৬ সালের মধ্যে এ সাহায্যের পরিমান ৫ বিলিয়ন ছাড়িয়ে যাবে। সুশাসনের জন্য প্রশংসিত দেশগুলোকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, সেই দেশের জনগনের জীবনের মান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা আনয়নের জন্য এসব অর্থ বরাদ্দ করা হবে।
রোকা সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যাকান্ড ও বিরোধী দলের নেতা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার সূষ্ঠু তদন্তের ওপর জোর দেন। তিনি বিরোধী দলের নেতার নিরাপত্তার ব্যাপারেও তার মত ব্যক্ত করেন।
র্যাবের ক্রসফায়ার সংক্রান্ত আলোচনাকালে তিনি বলেন, বিচার-বর্হিভূত হত্যাকান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।
জামাত নেতাদের সাথে মত বিনিময় কালে তিনি বাংলাদেশে মৌলবাদি শক্তিগুলোর সামর্থ্য সম্পর্কে জানতে চান।
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার সময় তিনি শাসন, দুর্নীতি, সন্ত্রাসবাদ, গনতন্ত্র এবং মানবাধিকারসহ বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করেন।
রোকা গত ১১ মে বুধবার তার দক্ষিণ এশিয়ায় সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছিলেন।
