২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ৫ দিনের সফরে রোববার চট্টগ্রাম যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে রোববার চট্টগ্রাম যাচ্ছেন। সেখানে মেয়র নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিজয় উপলক্ষে অনুষ্ঠেয় বিজয় র‌্যালিতে নেতৃত্ব দেবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 01:56 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

বিরোধী দলীয় নেতা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন। এছাড়া, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বেশ কটি জনসভা ও পথসভায়ও বক্তব্য রাখবেন তিনি।

দলীয় সূত্র জানায়, শেখ হাসিনা রোববার সকাল পৌণে ৮ টায় জিএমজি’র একটি ফ্লাইটযোগে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ওই দিন বিকেল ৪ টায় লালদিঘী ময়দানে মহিউদ্দিন চৌধুরীর বিজয় র‌্যালিতে যোগ দেবেন তিনি। রাতে স্থানীয় সার্কিট হাউজে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।

পরদিন সোমবার সকাল ৯ টায় তিনি নাগরিক কমিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৫ টায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনের ৪৯ তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভাষণদান ছাড়াও রাতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের মৃত্যুতে আয়োজিত শোক সভায় অংশগ্রহণ ও চকোরিয়ায় পথসভায় বক্তব্য রাখবেন তিনি। শেখ হাসিনা বুধবার সকালে মহেশখালী ও বিকেলে উখিয়ায় অনুষ্ঠেয় জনসভায় ভাষণ দেবেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি বিমানযোগে ঢাকা রওয়ানা হবেন।

বিরোধী দলীয় নেতা সিসিসি নির্বাচনের আগে গত ১ মে চট্টগ্রাম সফর করেছিলেন।