বিএনপি নেতা কর্তৃক ডাক্তার লাঞ্ছনার জের: আল্টিমেটাম দিয়েছে জেলা বিএমএ
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুবুল হাসান লেলিনকে মারধর করায় উপজেলা বিএনপির সভাপতি ও জলঢাকা পৌর চেয়ারম্যান আনোয়ারুল কবীর চৌধুরীকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএমএ জেলা কমিটি।
সাত দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করা না হলে শনিবার থেকে বিএমএ কর্ম বিরতিসহ বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে।
জলঢাকা থানার ১০ মে’র জিডি থেকে জানা যায়, ৯ মে সন্ধ্যায় আনোয়ারুল কবীর চৌধুরী দলবল নিয়ে হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত অফিসার্স ক্লাবে ঢুকে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ডা. মাহবুবুল হাসান লেলিনকে মারধর করেন।
সূত্র জানায়, এ ঘটনার প্রতিবাদে বিএমএ’র জেলা কমিটি সাত দিনের আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়।
বিএমএ জেলা কমিটির সভাপতি ডা. মমতাজুল হক মিন্টু বিডিনিউজকে জানান, শনিবারের মধ্যে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে বিএমএ নিয়মতান্ত্রিক আন্দোলনে নামবে।
তিনি বলেন, ডা. লেলিন দায়িত্বে অবহেলা করে থাকলে তার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবস্থা নেয়া যেতো। এভাবে একজন চিকিৎসকের ওপর হামলা করা ঠিক নয়।
এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা পৌর চেয়ারম্যান আনোয়ারুল কবীর চৌধুরীর বাসায় টেলিফোনে যোগাযোগ করা হলে, তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা যায়। মোবাইল ফোনে যোগাযোগ করলে বলা হয় তিনি ঘুমোচ্ছেন।
শুক্রবার জলঢাকা থানার কর্তব্যরত অফিসার এসআই মমিন বিডিনিউজকে জানান, জিডিটি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
