ফায়েজীকে প্রত্যাহার করা না হলে মঙ্গলবার অবস্থান ধর্মঘট পালন করবে আইনজীবী সমিতি
সোমবারের মধ্যে হাইকোর্ট বেঞ্চ থেকে বিতর্কিত বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জীকে প্রত্যাহার করা না হলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান গেটে অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বিচারপতি ফয়জীর পদত্যাগ দাবি করে এবং তাকে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রধান বিচারপতির দেয়া অনুমতির প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শনিবার কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা মিছিল বের করে।
মিছিল শেষে আইনজীবী সমিতি কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট ওজায়ের ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম।
অ্যাডভোকেট মাহবুবে আলম সরকার সমর্থক আইনজীবীদের সতর্ক করে দিয়ে বলেন, তারা বিচারপতি ফয়জীকে রক্ষা করতে পারবেন না।
তিনি বলেন, অতীতে কোনও বিচারপতি আইনজীবীদের মতের বিরুদ্ধে গিয়ে ওই পদে বহাল থাকতে পারেননি এবং বিচারপতি ফয়জীও মাত্র কয়েকজনের সমর্থন নিয়ে ওই পদে বহাল থাকতে পারবেন না।
বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমির-উল ইসলাম এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিকুল আহমেদও কালো পতাকা মিছিলে অংশ নেন।
