২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, আইন কর্মকর্তারা খুশি

অতিরিক্ত এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীকে শনিবার দেশের নতুন এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহমেদ শনিবার নতুন এটর্নি জেনারেল হিসেবে মোহাম্মদ আলীকে নিয়োগ দিয়েছেন।

রোববার থেকে এই নিয়োগ কার্যকর হবে।

এজে মোহাম্মদ আলী বিদায়ী এটর্নি জেনারেল এএফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, বিদায়ী এটর্নি জেনালের স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। সরকার এবং হাসান আরিফের মধ্যে কোন দ্বন্দ্ব নেই এবং সরকারের পক্ষ থেকে তাকে কোন চাপও দেয়া হয়নি।

এদিকে আইন কর্মকর্তাদের একটি গ্র“প হাসান আরিফকে একজন ‘বামপন্থী’ উল্লেখ করে বলেছেন, এএফ হাসান আরিফ প্রধানমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ করেছেন। তিনি চারদলীয় জোট সরকারের ভাবমূর্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

ডেপুটি এটর্নি জেনারেল গোলাম কিবরিয়া বলেন, ‘যখন তিনি এটর্নি জেনারেল ছিলেন তখন তার অফিস চারদলীয় জোট সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।’

এদিকে শনিবার আইন কর্মকর্তা কল্যাণ পরিষদ সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেলের অফিসে এক সভায় বসে।

পরিষদের সভাপতি সহকারি এটর্নি জেনারেল ফিরোজ শাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল চৌধুরী আলাল, সহকারি এটর্নি জেনারেল এমইউ আহমেদ, জামান আখতার বুলবুল, গিয়াসউদ্দিন মিঠু, ইব্রাহিম খলিল, ওয়ালিউর রহমান, শেখ রেজাউল করিম, মোহাম্মদ আবদুল্লাহ ও ফাহিমা নাসরিন মুন্নী।

ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল বলেন, বিদায়ী এটর্নি জেনারেল ৫০ ভাগ আওয়ামী লীগ সমর্থক ছিলেন। তিনি দায়িত্বে থাকাকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ব্যস্ত ছিলেন।

এদিকে, এএফ হাসান আরিফ শনিবারও অফিস করেছেন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত তিনি অফিসে অবস্থান করেন।

নতুন এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী দেশের প্রথম এটর্নি জেনারেল এমএইচ খন্দকারের পুত্র।

তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। এজে মোহাম্মদ আলী রিট এবং দেওয়ানি আইনেও বিশেষজ্ঞ।

তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি এবং একই বছর ধানমণ্ডি ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জণ করেন।

বাংলাদেশ বার কাউন্সিলের বিধি মোতাবেক তিনি হাইকোর্ট বিভাগে এ্যাডভোকেট হিসেবে অন্তর্ভূক্ত হন।

১৯৮০ সালে তিনি হাইকোর্টে আইন চর্চার অনুমতি লাভ করেন। ১৯৮৫ সালে তিনি আপিল বিভাগে এবং ১৯৯৯ সালে সিনিয়র আইনজীবী হিসাবে অন্তর্ভূক্ত হন।