১৪ বছর পর সৈয়দপুর বিএনপির কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটি হয়নি
দুই বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও দীর্ঘ ১৪ বছর পর সৈয়দপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু কাউন্সিল হলেও নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলররা সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করার সুযোগ পাননি। একশ এক সদস্যের কমিটির মাত্র সাত জনের নাম ঘোষণা করা সম্ভব হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৭টি গুরুত্বপূর্ণ পদের নাম ঘোষণা করে মঞ্চ থেকে নেমে যান।
তারেক রহমান দল গঠনে তরুণ নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বরোপ করে বক্তৃতা দেয়ার পর শারীরিকভাবে অসুস্থ স্থানীয় সংসদ সদস্য আমজাদ হোসেন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করায় দলের একটি বড় অংশ মারাত্মকভাবে হতাশ হয়।
দীর্ঘ দিন পর কাউন্সিলের তারিখ ঘোষনা হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘ দিনের পুঞ্জিভূত সমস্যা সমাধানের জন্য নতুন কমিটি গঠনের আশায় তারা দিনরাত পরিশ্রম করে কাউন্সিলের জন্য অপেক্ষা করে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে নেতৃবৃন্দের বক্তৃতার পর কাউন্সিল অধিবেশন বসার কথা ছিল। এই অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হোক এটাই ছিল সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা। কিন্তু প্রথম অধিবেশনেই সবকিছু শেষ হয়ে যায়, কাউন্সিলাররা তাদের মতামত ব্যক্ত করার কোনও সুযোগই পাননি।
সৈয়দপুর জেলা বিএনপির আহবায়ক আমজাদ হোসেন সরকার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু ও জিএম সিরাজ এমপি, আখতারুজ্জামান এমপি, নীলফামারী জেলা বিএনপির সভাপতি শাহরিন ইসলাম তুহিনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
