২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে ৭টি টিম গঠন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাচনে  নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন (ইসি) সাতটি টিম গঠন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

টিমগুলো বৃহস্পতিবার থেকে তাদের তদন্ত কাজ শুরু করেছে। নির্বাচনে কোনও প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে  টিমের সদস্যরা তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।

অতিরিক্ত জেলা কমিশনার এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ গোলাম কুদ্দুছকে আহবায়ক করে সাতজন সহকারি নির্বাচন কমিশনার এই সাতটি টিমের নেতৃত্ব দেবেন।

রিটার্নিং অফিসার সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চালার প্রতি আহবান জানান।

রিটার্নিং অফিসার কার্যালয়  সুত্র জানায়,  নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য  রিটার্নিং অফিসারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে একটি পৃথক টিম দুয়েকদিনের মধ্যে গঠন করা হবে।

এছাড়া নির্বাচনী কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য বৃহস্পতিবার  একটি সর্বদলীয় পর্যবেক্ষণ কমিটিও গঠন করা হয়।

বৃহস্পতিবার সকালে মেয়র প্রার্থীদের সাথে  রিটার্নিং অফিসারের বৈঠককালে এই টিম ও কমিটিসমূহ গঠন করা হয়।

বৈঠকে ২১ জন প্রার্থীর মধ্যে সাতজন উপস্থিত ছিলেন।

বৈঠকে চারদলীয় জোটের প্রার্থী মীর মোহ্ম্মাদ নাসির উদ্দিন অনুপস্থিত না থাকলেও একজন প্রতিনিধি পাঠান। 

নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে  নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উথাপন করে অন্য প্রার্থীরা তাদের বর্তমান মেয়র ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীত্বের পদ থেকে পদত্যাগ দাবি করেন।

নাগরিক কমিটির প্রতিনিধিরা অভিযোগ করেন যে চারদলীয় জোটের সমর্থকরা তাদের পোস্টার ছিড়ে ফেলে এবং তাদের সমর্থকদের মারধোর করে।

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে সকল প্রকার পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন রিটার্নিং অফিসার।