ভবানীগঞ্জ পৌরসভায় কমিশনার ও বিএনপি নেতাকর্মীদের হামলা : ৮ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জেলার ভবানীগঞ্জ পৌরসভার কতিপয় কমিশনার ও বিএনপির কতিপয় নেতাকর্মী পৌরসভা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙ্গচুর ও কাগজপত্র লুটপাট করে এবং পরে কর্মকর্তা কর্মচারীদের বিতাড়িত করে পৌরভবনে তালা লাগিয়ে দেয়।
পৌর চেয়ারম্যান খোদা বখশ বাদী হয়ে পৌরসভার ৮ জন কমিশনারসহ কয়েকজন বিএনপি নেতাকে আসামী করে এ ব্যাপারে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম আশু এবং থানা যুবদল সভাপতি আব্দুস সোবহানের নেতৃত্বে পৌরসভার ৮ জন কমিশনার ও তাদের বেশ কিছু সহযোগী মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সন্ত্রাসী কায়দায় ভবানীগঞ্জ পৌর কার্যালয়ে প্রবেশ করেন। তারা প্রথমে হুমকি দিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দেন। পরে সংশ্লিষ্ট বিএনপি নেতা ও কমিশনাররা পৌরসভার আলমারী, টেবিল ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর করে।
তারা এক পর্যায়ে ফাইল কেবিনেটের তালা ভেঙ্গে পৌরসভার গুরত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে ও কিছু কাগজপত্র সাথে করে নিয়ে যায়। হামলাকারীরা যাওয়ার সময় পৌরসভা কার্যালয়ে কয়েকটি বড় তালা লাগিয়ে দিয়ে চেয়ারম্যানের অপসারণের দাবিতে শ্লোগান দিতে দিতে পৌর কার্যালয় ত্যাগ করেন।
এই ঘটনার পর পৌর চেয়ারম্যান বাদী হয়ে ৮ কমিশনারসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে থানায় জিডি করেন।
পৌর চেয়ারম্যান জানান, কতিপয় কমিশনার ও গত পৌর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির দুই প্রার্থী কার্যালয়ে হামলা করবে এ ধরনের আগাম খবর পেয়ে তিনি হামলার ঘটনার কিছুক্ষন আগে বাগমারা থানায় সশরীরে হাজির হয়ে একটি সাধারন ডায়েরী করেন।
কিন্তু থানা থেকে তার ফিরে আসার আগেই হামলার ঘটনা ঘটে। পৌর চেয়ারম্যান দাবী করেছেন যে, তার উপর হামলার লক্ষ্য নিয়েই হামলাকারীরা পৌর কার্যালয়ে গিয়েছিল।
এদিকে ঘটনার খবর পেয়ে বাগমারা থানার দারোগা সালাহউদ্দিন ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা ও কমিশনারদের লাগিয়ে দেয়া তালা খুলেন এবং বিতাড়িত কর্মকর্তা কর্মচারীদের ফিরে আসতে বলেন। পরে কর্মকর্তা কর্মচারীরা পৌর কার্যালয়ে ফিরে আসেন ।
চেয়ারম্যান খোদা বখশ আরও বলেন, হামলাকারী ৮ কমিশনার আবুল হাসান, আব্দুল জলিল, জাবেদ আলি,আনিসুর রহমান, আশরাফুল ইসলাম, আব্দুর মজিদ ও সাইফুল ইসলাম গত ১০ মার্চ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন।
গত ৯ মার্চ এসব কমিশনার বাগমারা বিএনপিতে যোগদান করেন। এরপর থেকেই তারা নানাভাবে পৌর কার্যক্রমে বিঘœ ঘটিয়ে অনাস্থা প্রস্তাব কার্যকরের চেষ্টা করে আসছিলেন।
চেয়ারম্যান জানান, এসব কমিশনারের বিরুদ্ধে ইতোপূর্বে আনীত বিভিন্ন দুর্নীতির অভিযোগে সরকারীভাবে তৈরি করা ফাইলগুলি মঙ্গলবার হামলার সময় তারা নিয়ে গেছেন। পুলিশও এ কথা নিশ্চিত করেছে।
এদিকে, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম আশু বিডিনিউজকে বলেন, তিনি এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ পৌর কার্যালয়ে প্রবেশ করেননি। তবে পৌর কমিশনাররা তাদের লোকজন নিয়ে পৌর কার্যালয়ে গিয়েছিল বলে তিনি শুনেছেন। তিনি আরও বলেন, আমরাই ঘটনা শুনে পুলিশকে ফোন দিয়েছি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পৌর কমিশনার আবুল হোসেন বলেন, আমরা কোনও হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটাইনি। আমরা শুধু চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করতে গিয়েছিলাম।
সূত্র জানায়, পৌরসভা কার্যালয়ে হামলা ও লুটপাটের প্রতিবাদে মঙ্গলবার বিকালে পৌর কার্যালয়ের সামনে এলাকাবাসী সংশ্লিষ্ট কমিশনারদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে পৌর কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
