২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফায়েজি ইস্যুতে আদালত বর্জনের দিকে যাচ্ছে এসসিবিএ

বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজিকে বেঞ্চ থেকে প্রত্যাহার করা না হলে সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশন (এসসিবিএ) প্রধান বিচারপতির আদালত বর্জনসহ কঠিন অবস্থান গ্রহণ করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

হাইকোর্টে সুষ্ঠু বিচারকাজ পরিচালনার জন্য এসসিবিএ মঙ্গলবার এক জরুরি সভা আহ্বান করে এবং সদস্যরা ফায়েজিকে প্রত্যাহারের জন্য নির্বাহী কমিটির হাতে যে কোনও কর্মসূচি গ্রহণ করার ক্ষমতা তুলে দেয়।

গত বছরের ৩০ অক্টোবর থেকে এসসিবিএ বিচারপতি ফায়েজির বেঞ্চকে বর্জন করে আসছে।

দেশের পেশাদার আইনজীবীদের প্রধান সংগঠন বাংলাদেশ বার কাউন্সিল গত ২৪ এপ্রিল ভুল তথ্য প্রদান করে ওকালতির সনদ গ্রহণের কারণে হাইকোর্টের অতিরিক্ত বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজি’র ওকালতির সনদ বাতিল করে।

সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশন সভাপতি মাহবুবে আলম বলেন, বার কাউন্সিল তার ওকালতির সনদ বাতিলের কারণে বিচার কাজ পরিচালনার জন্য বিচারপতি ফায়োিজ তার নৈতিক অধিকার হারিয়েছেন।

মাহবুবে আলম ফায়েজির পদত্যাগের দাবিতে বলেন, সুপ্রম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষায় ফায়েজির পদত্যাগের কোনও বিকল্প নেই।

সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশন ভবনের দক্ষিণ হলে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক এসসিবিএ সভাপতি ব্যারিষ্টার শওকত আলী খান ও ব্যারিষ্টার সিদ্দিক আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার এম আমির-উল-ইসলাম এবং এসসিবিএ সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম।

এর আগে সকালে একই দাবিতে সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশন এসসিবিএ প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে।