'সাম্রাজ্যবাদের গোলাম' সরকারকে আর ক্ষমতায় নয়: চরমোনাই পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মোঃ ফজলুল করীম বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলীতে যথাযথ ভূমিকা পালন না করায় জোট সরকারের কঠোর সমালোচনা করেছেন।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগকেও এ ঘটনায় ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার মোকসেদপুরে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে ফজলুল করিম বলেন, আগ্রাসী ভারতের ন্যক্কারজনক কাজে কেবল জাতিসংঘ সনদ লংঘন-ই নয়, বাংলাদেশের সার্বভৌমত্বও বিপন্ন হচ্ছে। এরপরও বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতার মোহে অন্ধ হয়ে টুঁ শব্দটি করছে না।
তিনি ‘আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের দোসর তাঁবেদার গোলাম’ সরকারকে পুনরায় ক্ষমতায় না আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
চর মোনাইয়ের পীর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা করে বলেন, হানাদারদের মোকাবেলায় কুড়িগ্রামের রৌমারীতে বিডিআর ও জনগণের সাহসী ভূমিকা কারো অজানা নয়।
মুফতি মোঃ শেহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মাওরানা সেয়ামতুল্লাহ আল ফরিদী, মাওরানা আইনুদ্দিন আল আজাদ, মাওলানা বেলাল হোসেন, প্রমুখ। খবর সংবাদ বিজ্ঞপ্তি’র।
