সরকার জনগণের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জনগণের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
তিনি মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে এসকে উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, সরকার আগামী নির্বাচনে কারচুপি করতে দলীয়করণ করছে। এর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলুন, যাতে মনের মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন।
পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে রংপুরসহ উত্তরাঞ্চলে তিনদিনের সফর শেষে ঢাকা ফেরার পথে তিনি এ জনসভায় বক্তব্য রাখেন। এর আগে স্থানীয় পৌর চেয়ারম্যান মোশাররফ হোসেন মনি শেখ হাসিনা ও জয়কে সোনার চাবি উপহার দেন।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি-জামাত জোট সরকার সারাদেশে দুঃশাসন কায়েম করেছে। একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে। তারা জাতিকে শুধু লাশ আর লাশ উপহার দিচ্ছে। আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই।
তিনি বলেন, তারা দুর্নীতি করে দু হাতে লুটপাট করছে। দেশে আইনের শাসন নেই। সরকার সংবিধান, নিয়ম-কানুন মানে না। তাই দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। র্যাব বিনা বিচারে মানুষ হত্যা করছে।
২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিনের সফরে শেখ হাসিনা মোট ১০টি জনসভা ও পথসভায় বক্তব্য রাখেন।
জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন। বক্তব্য রাখেন আকতারুজ্জামান, ড. আব্দুর রাজ্জাক এমপি, মির্জা আযম এমপি, নূর ই আলম চৌধুরী লিটন এমপি।
পরে তিনি সাভার পৌরসভা মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন মিসেস হাসিনা দৌলা।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখানে তার বক্তব্যে বলেন, এ সরকারের একটাই নীতি, সেটা হলো লুটপাট আর দুর্নীতি। দেশ চালানো নয়, ক্ষমতাকে কেন্দ্র করে দুর্নীতির মাধ্যমে টাকা-পয়সা কামানোই তাদের একমাত্র নীতি। এ সরকার ক্ষমতায় আসলেই দেশে দুর্যোগ দেখা দেয়।
তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে। আমরা দেশ গড়তে চাই। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশে ধনী-গরিবের ব্যবধান থাকবে না।
