সরকারের স্বাধীনতাবিরোধী অংশ রাজনৈতিক উদ্দেশ্যে ভারতবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে
ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর সোমবার অনুষ্ঠিত এক গোল টেবিল আলোচনায় বক্তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে ভারত বিদ্বেষী প্রচারণা চালানোর জন্য সরকারের স্বাধীনতা বিরোধী শক্তিকে দায়ী করেছেন।
নির্বাচনকে সামনে রেখে ভারতবিরোধী প্রচারণায় বিশেষ একটি দল লাভবান হলেও এর জন্য দেশের ১৪ কোটি মানুষকে ভুগতে হতে পারে বলে তাঁরা মত প্রকাশ করেন। তাঁরা আরও বলেন, প্রতিবেশীদের সাথে সংঘাতময় সম্পর্ক কোনো বাংলাদেশী-ই চায়না।
বৈঠকে উপস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনার এস চক্রবর্তী বলেন, অতীতে সুসময়ে বা দু:সময়ে ভারত বাংলাদেশের পাশে থেকেছে এবং চিরদিনই বন্ধুর মতো থাকবে।
মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবির আহাদের সভাপতিত্বে সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের আলোকে ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড.কামাল হোসেন, যুদ্ধকালীন এস ফোর্স প্রধান কেএম শফিউল্লাহ, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী, সেক্টর কমান্ডার সুুবিদ আলী ভূঁইয়া, ড. আতিউর রহমান, সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন এবং অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বক্তৃতা করেন।
আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর উভয় দেশের নেতাদের ‘নিজস্ব ত্রুটির’ কারণেই দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে।
তিনি উভয় দেশের সম্পর্কোন্নয়ন ঘটানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, সরকারের একটি বৃহৎ অংশ চরমপন্থী মৌলবাদীদের সাথে মিলে ভারতবিরোধী অপপ্রচারে লিপ্ত। এরা জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হতে চায়।
ড. কামাল হোসেন আঞ্চলিক সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সার্বিক সমন্বয় সাধন প্রয়োজন।
ড. আতিউর রহমান বলেন, ভারতকে এ কথা অনুধাবন করতে হবে যে ঐতিহ্য ও সাংস্কৃতিক অভিন্নতার বাইরে বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপক অর্থনৈতিক গুরুত্বও রয়েছে।
