চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে অধিকাংশ পদে সাদা দলের জয়লাভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দল সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয়লাভ করেছে।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছেন যথাক্রমে নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ ফজলে হাসান চৌধুরী ও দর্শন বিভাগের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী।
সাদা দল থেকে নির্বাচিত অন্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফা কামাল পাশা।
আওয়ামী লীগ সমর্থিত হলুদ দলের প্রার্থী ড. মোহাম্মদ কামরুল হুদা যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি ভবনে ভোট গ্রহণ করা হয়। এ সময় ৬১২ জন শিক্ষকের মধ্যে ৫২৩ জন ভোট প্রদান করেন। এর আগে ৫৯ জন শিক্ষক অগ্রিম ভোট প্রদান করেছিলেন।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আজিজুর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
