২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটাধিকার সুসংহত করতে তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার চাই: হাসিনা

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটাধিকার সুসংহত করতে তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার চাই। যেনো মানুষ তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এ লক্ষ্যে জোট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। সোমবার রংপুর জেলা স্কুল মাঠের জনসভা এবং পীরগঞ্জের ফতেহপুর লালদীঘি স্কুল মাঠের পথসভার বক্তব্যে তিনি একথা বলেন।

রংপুরসহ তিনদিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে শেখ হাসিনা এসব জনসভা ও পথসভায় বক্তব্য রাখেন।

বিকেলে রংপুরের জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শাহ আব্দুর রাজ্জাক। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ছাড়াও এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এইচএন আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিরোধী দলের নেতা শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রী নাকি র‌্যাব দিয়ে সন্ত্রাস নির্র্মূল করবেন। কিন্তু তিনি তো নিজেই তো সন্ত্রাসী। তিনি কিভাবে সন্ত্রাস নির্মূল করবেন?

তিনি বলেন, জোট সরকারের কমপক্ষে ১১১ জন মন্ত্রী, এমপি রয়েছেন, যারা খুন, রাহাজানি ও চোরাকারবারের সাথে জড়িত। খালেদা জিয়া ’৯১-৯৬ সালে ক্ষমতায় থাকাকালে যাদের বিরুদ্ধে চোরাকারবারের মামলা দিয়েছিলেন, তাকেই এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা চাই হত্যার রাজনীতি বন্ধ হোক। দেশে শান্তি ফিরে আসুক। জোট দুঃশাসনের কবল থেকে দেশবাসী মুক্তি পাক।

কিন্তু জোট সরকার ক্ষমতা নিষ্কণ্টক ও পাকাপোক্ত করতে প্রধানমন্ত্রী গত বছরের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন। এ কারণেই এর কোন তদন্ত ও বিচার হচ্ছে না।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সারাদেশে ভয়াবহ অরাজকতা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে, গরিবের পেটে লাথি মেরে, ভাত কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী দেশে উন্নয়নের জোয়ারে বইয়ে দিচ্ছেন। আসল উন্নয়ন হচ্ছে জোট নেত্রীর।

প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, আওয়ামী লীগ যদি মানুষের জন্য কিছু না করে থাকে, তবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিতা কাটছেন কিভাবে?

জনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, আমি রংপুরের সন্তান। আপনাদের সাথেই আছি। মায়ের পাশাপাশি থেকে আমি মানুষের জন্য কাজ করবো।

তিনি এই সফরে তাকে দেওয়া উষ্ণ অভ্যর্থনার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের ভালবাসায় অভিভুত হয়েছি। রংপুরের উন্নয়নে আপনাদের পাশে সব সময় থাকবো। রংপুরসহ দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলবো।