ভাল মা হওয়ার ওপর জোর দিলেন শেখ হাসিনা
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা শিশুদের সঠিক শিক্ষাদানের মাধ্যমে দেশের শিক্ষিত নেতৃত্ব গড়ে তোলার জন্যে মায়েদের প্রতি আহবান জানিয়েছেন।
ছেলে জয়কে নিয়ে স্বামী ওয়াজেদ আলীর পৈত্রিক ভিটা পীরগঞ্জ সফরকালে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি মহান আল্লাহতায়ালার ইচ্ছায় আমার ছেলেকে পড়াশোনা করাতে চেষ্টা করেছি।
তিনি বলেন, আমি আমার সন্তানদের আন্ডারওয়ার্ল্ডের নেতা বানাইনি। তাদের দুর্নীতি শেখাইনি এবং দুর্নীতিবাজও বানাইনি। ক্ষমতায় আসার পর টাকা বানানোর জন্য তাদের কোনও ভবনও তৈরী করে দিইনি।
কারও নাম প্রকাশ না করে তিনি বলেন, কোনও মা যদি তার সন্তাদের সঠিক শিক্ষা না দিয়ে সন্ত্রাস শিক্ষা দেন এবং পরবর্তীতে সে সন্তানই দেশের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্বের আসনে বসে, তাহলেই বোঝা যায় দেশের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে।
রংপুরে লালদিঘী স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন বিএনপি-জামাত জোটের শাসন প্রসঙ্গে তার অভিমত তুলে ধরেন।
আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন, এমনকি আমাদের প্রতি বগুড়ার মানুষের অকৃত্রিম ভালবাসা এটাই প্রমাণ করে, মানুষ বিএনপি-জামাতের জোটের দুঃশাসনের অবসান চায়। মানুষ এ সরকারের কাছ থেকে মুক্তি পেতে চায়।
বিরোধী দলীয় নেত্রী ক্ষমতাসীন এ সরকারের দুমুখো আচরণের কঠোর সমালোচনা করেন।
শেখ হাসিনা আরও বলেন, এক দিকে তারা ফুলের তোড়া পাঠাচ্ছে, আরেক দিকে আমার দলের লোকদের আক্রমন করছে।
তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রীর জন্যে ভিভিআইপি কক্ষ বরাদ্দ না দিয়ে সরকার হীন মনোভাবের পরিচয় দিয়েছে।
সমাবেশে হাসিনা আগস্ট মাসের ভয়াবহ বোমা হামলার প্রসঙ্গ তুললে পিনপতন নিরবতা নেমে আসে জমায়েত জুড়ে। আবেগ তাড়িত কন্ঠে তিনি বলেন, আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়ায় এখনও আমি বেঁচে আছি।
তিনি আরও বলেন, যখনই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তখনই মানুষ, হত্যা ও সন্ত্রাসের শিকার হয়েছে ।
সাবেক এই প্রধানমন্ত্রী তার শাসনামলকে বাংলাদেশের জন্য স্বর্ণযুগ আখ্যা দিয়ে বলেন, সে সময় চালের দাম ছিল ১০ টাকা কেজি, আর এখন চালের দাম ২৬ টাকা কেজি। মূল্য বৃদ্ধি সত্ত্বেও কৃষকরা তাদের ন্যায্য দাম পাচ্ছে না।
তার শাসনামলে বিভিন্ন সেবামূলক কর্মসূচীর কথা তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বলেন, এ প্রধানমন্ত্রী কিছুই করছে না। তারা আদতে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের গৃহিত বিভিন্ন প্রকল্পের কাজগুলোই তাদের বলে জনগণের কাছে প্রচার করছে।
