কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হাসিনা-জয়ের উত্তরবঙ্গ সফর
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের রংপুরসহ উত্তরাঞ্চল সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার সকালে ঢাকা থেকে রংপুর পর্যন্ত রাস্তায় এবং ৮টি পথসভাস্থলে গোয়েন্দাসহ পুলিশের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনসভা ও পথসভাগুলোতে স্বতঃস্ফুর্ত জনতার ভিড়ে হাসিনা ও জয়ের নিরাপত্তা দিতে নিরাপত্তা কর্মীদের গলদঘর্ম হতে হয়।
এর আগে জয় ও শেখ হাসিনার নিরাপত্তার অভাবজনিত একটি সরকারি চিঠির কারণে গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তাদের নির্ধারিত রংপুর সফর বাতিল করা হয়।
একই কারণে রোববারের সফরকালে পুরো পথেই হাসিনা ও জয় বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন। তারা হুড খোলা জিপে দাড়াননি। তবে বগুড়া সার্কিট হাউস থেকে বেরিয়ে জয় কিছু সময় হুড খোলা জিপে দাড়িয়ে নেতাকর্মীদের পুষ্পবৃষ্টি ও উষ্ণ অভিনন্দনের জবাব দেন।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, শেখ হাসিনা ও তার পূত্র জয়ের সফরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ৩২ জন সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে।
প্রতিটি জেলা এলাকায় পৃথক ১০ জনের অগ্রবর্তী দল বহরের সামনে থেকে দায়িত্ব পালন করে। এছাড়াও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টরা নিরাপত্তা বিষয়টি দেখছে।
তারা তিন দিনব্যাপি সফরের প্রথম দিনের ছয়টি নির্ধারিত ও দু’টি অনির্ধারিত জনসভা এবং পথসভার পূর্বেই মঞ্চ ও আশেপাশের এলাকায় তল্লাশি চালায়।
সরকারি নিরাপত্তা ছাড়াও শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা অগ্রবর্তী দল হিসেবে আগে থেকেই বিভিন্ন দিক পরীক্ষা করে দেখে। গাড়ি বহরের সাথে থাকা সদস্যরাও নিরাপত্তার ব্যাপারে সব সময় সতর্ক ছিল।
শেখ হাসিনা ও জয়ের সফরকে কেন্দ্র করে পথে পথে স্বাগত জানাতে আসা হাজারো নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়ে ঢাকার সাভার, টাঙ্গাইল ছাড়াও উত্তরবঙ্গের প্রধান ও ব্যস্ত সড়কগুলোতে দীর্ঘ সময়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।
