২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে চলছে অপহরণ ও চাদাঁবাজীর রাজনীতি, শান্তি হবে কবে?

‘আমাদের এখানে শান্তি নেই। রাত হলেই সন্ত্রাসীরা গ্রামে গ্রামে হানা দেয়। ওদের পরনে থাকে নিরাপত্তা বাহিনীর মতো ছিট পোশাক। হাতে বড় বড় হাতিয়ার। লোকজনদের ওরা ধরে নিয়ে যায়। এক লাখ কি ৫০ হাজার টাকার কমে কারো মুক্তি হয় না।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিপ্লব রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর সুবলঙের শিলার ডাক পাহাড়ে হতদরিদ্র জুম চাষী নিরদা চাকমার (৩০) বয়ানে এভাবেই ফুটে ওঠে আপাত শান্ত পাহাড়ের অশান্তির চিত্র। নিরদা ভাঙা বাংলায় বিডিনিউজকে বলেন, জুম (পাহাড়ের ঢালে বিশেষ ধরনের চাষাবাদ) করার জন্যও চাঁদা দিতে হয়। জুমের ফসল তোলার জন্যও দিতে হয় আরেক দফা চাঁদা।

পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের সাত বছর পরও পাহাড়ের সর্বত্র এখন এই একই অশান্তির চিত্র। অনুসন্ধানে জানা যায়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের পর চুক্তির পক্ষে-বিপক্ষের সশস্ত্র সংঘাতে এ পর্যন্ত ৪৩৩ জন নিহত, সাড়ে ৭০০ জন অপহৃত এবং প্রায় সহস্র ব্যক্তি আহত হয়েছেন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ৮০০ জনের ঘরবাড়ি। উভয় গ্রুপের হাজার হাজার মানুষ এখন প্রাণভয়ে এলাকা ছাড়া।

গত ১৭ এপ্রিলও রাঙ্গামাটির উপজেলা সদরের কাঁটাছড়ি গ্রামের আলুটিলা থেকে নারী-পুরুষসহ একসঙ্গে ১২ জনকে অপহরণ করা হয়। শান্তিচুক্তির পক্ষের জনসংহতি সমিতি ওই ঘটনার জন্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করে। ৪৮ ঘন্টা পর মুক্তি ঘটে জিম্মিদের। মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়েছে কি না তা অবশ্য পাহাড়ের কোনো সূত্রই নিশ্চিত করে বলতে পারছে না।

গত ফেব্রুয়ারি ও মার্চে অপহৃত হন উভয় গ্রুপের ৩০ জন। খুন হন আরও তিনজন।

এ সব অপহরণ-সন্ত্রাসের শিকার ভুক্তভোগীরা বলছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর রক্তক্ষয়ী দ্বন্দ্ব-সংঘাতের অবসান হয়েছে ঠিকই। কিন্তু শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষের পাহাড়িদের ভাতৃঘাতি সশস্ত্র যুদ্ধ পাহাড়ে নতুন করে ডেকে এনেছে অশান্তি।

পর্যটন স্থান সুবলেেঙর ইউপি চেয়ারম্যান বিহারী রঞ্জন চাকমাও বলেন একই কথা। তিনি বলেন, অপহরণ করে চাঁদা আদায় আর বন উজাড় করে কাঠ চুরিই এখন পাহাড়ের প্রতিষ্ঠিত ব্যবসায় পরিণত হয়েছে।

তিনি জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা এখন তাকেও চুক্তির পক্ষের সমর্থক হিসেবে সনাক্ত করেছে। প্রাণভয়ে তিনি নিজেই এখন পালিয়ে বেড়াচ্ছেন।

বিহারী রঞ্জন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার নিজেরই যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে দুর্গম পাহাড়ের হত দরিদ্র সাধারণ মানুষের কী অবস্থা, তা আপনিই ভেবে দেখুন!

সুবলঙের মহিলা আসন থেকে পর পর দুবার নির্বাচিত সদস্য আশালতা চাকমা জানান, তার আদিবাড়ি নানিয়ারচরের বরুণাছড়িতে চুক্তির পক্ষর-বিপক্ষের সন্ত্রাসীদের অপহরণ, পাল্টা অপহরণ লেগেই আছে। এর প্রতিবাদে দুবছর ধরে সেখানের চাকমারা তাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিঝু বর্জন করে চলেছে।

আশালতা বলেন, আমরা এক নিরাপত্তাহীনতার জগতে বাস করছি।

মিটিঙ্গাছড়ির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল চাকমা বলেন, এ সব অপহরণ, পাল্টা অপহরণ আর চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর হয়রানীমূলক তল্লাশীর কারণে গ্রামবাসি এখন বিপর্যস্ত।

জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বিডিনিউজকে বলেন, সরকারের একটি বিশেষ মহল চুক্তিবিরোধী ইউপিডিএফকে সৃষ্টি করেছে।

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, পাহাড়ে অশান্ত পরিস্থিতি জিইয়ে রাখতে ওই মহলটি অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে ইউপিডিএফকে।

অন্যদিকে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমা তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল। উল্টো জনসংহতি সমিতি ইউপিডিএফকে দমন করার জন্য পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস চালাচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেন, যারা সাধারণ নিরীহ জনগণকে অপহরণ, চাঁদাবাজী, সন্ত্রাস করে, তারা কোনোভাবেই জনগণের বন্ধু হতে পারে না।

তিনি বলেন, এসব সন্ত্রাসী তৎপরতায় সঙ্গে যারা জড়িত, তারা যে মতাদর্শেরই হোক না কেন, কোনোভাবেই তারা দেশপ্রেমিক নয়।