২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মে আওয়ামী লীগ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ১২ মে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনার পর সমমনা দলগুলোর মতামত নিয়েই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এই বৈঠকের দিনই জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু হবে।

তবে অধিবেশনে আওয়ামী লীগের যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলে আব্দুল জলিল আভাস দেন। বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং চীফ হুইপ আব্দুস শহীদও একই রকম সম্ভাবনার কথা জানিয়েছেন।

তবে তারা জানান, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংসদীয় দলের সভায় ।

আব্দুল জলিল বিডিনিউজ’কে জানান, এখন তারা দলের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলন নিয়ে ব্যস্ত।

কার্যনির্বাহী সংসদের সভায় তত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কার প্রশ্নে বিস্তারিত আলোচনা শেষে কর্মসূচি নির্ধারণ করা হবে বলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান।

তিনি বলেন, আমরা ওই ইস্যুগুলো আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনা করবো।

দলের ধানমণ্ডিস্থ কার্যালয়ে সকাল ১০টায় সভা শুরু হবে। দলের সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

আব্দুল জলিল দলের কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।