বিএনপি-জামাত জোট কারচুপির মাধ্যমে আবারো ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট মানুষ হত্যা, অত্যাচার-নির্যাতন, দুর্নীতি-সন্ত্রাস, প্রশাসন দলীয়করণ, সংবিধান লঙ্ঘন ও আগামী নির্বাচনে কারচুপির মাধ্যমে আবারো ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে।
শনিবার বিকেলে তার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে এক মত বিনিময় সভায় বক্তৃতাকালে শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই দুঃশাসন ও দুষ্টচক্রের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করতে আইনজীবীসহ আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রে বিশ্বাসী মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে আবারো ঐক্যবদ্ধ হতে হবে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি-জামাত জোটের দুঃশাসন এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ আজ বিচার চাইতে পারে না। প্রধানমন্ত্রী বিশেষ বাহিনী দিয়ে বিনা বিচারে মানুষ হত্যা করছেন। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। সিংহাসন পাকাপোক্ত করতে দলীয়করণ, ভোট ডাকাতি, কেন্দ্র দখল আর লুটপাট করছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী আখ্যা দিয়ে বিনা বিচারে মানুষ হত্যা করছেন। অথচ গডফাদাররা কোথায়?
শেখ হাসিনা বলেন, গডফাদাররাতো প্রধানমন্ত্রীর ঘরেই। প্রধানমন্ত্রীর পুত্রইতো গোটা ‘আণ্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে।
বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী বার বার ওয়াদা ভঙ্গ করছেন। আর মিথ্যের বেসাতি দিয়ে দেশ চালাচ্ছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনজীবীদের স্বার্থে গৃহীত কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেলের জয়লাভে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে আপনাদের একইভাবে ঐক্যবদ্ধ হতে হবে।
সুপ্রীমকোর্ট বারের নব নির্বাচিত সভাপতি মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক এম. এনায়েতুর রহিম ছাড়াও ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ, এ্যাডভোকেট বাসেত মজুমদার, এ্যাডভোকেট সাহারা খাতুন প্রমুখ আইনজীবী নেতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
