২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমসি'র অপসারণ দাবী করেছেন এবিএম মহিউদ্দীন চৌধুরী

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দীন চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার (সিএমসি) আওলাদ হোসেনের অপসারণ দাবী করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বৃহস্পতিবার চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত দুই শ্রমিক শাহজাহান ও সাহাবুদ্দিন হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবীতে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের বর্তমান পুলিশ কমিশনার একটি বিশেষ মহলের নীল নকশা বাস্তবায়ন করছে। তিনি জনগনের রায় পাল্টানোর অপচেষ্টার বিরুদ্ধে সাবধান করে দেন।

একজন বিশেষ প্রার্থীকে জয়ী করার জন্য পুলিশ সন্ত্রাস শুরু করেছে বলে মহিউদ্দীন চৌধুরি অভিযোগ করেন।

নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষন করে তিনি আরও বলেন, এ পুলিশ কমিশনার দায়িত্বে থাকলে নির্বাচন কোনও অবস্থাতেই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না।

কমিশনারের কর্মকান্ড সম্পর্কে ইতোপূর্বে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। অবিলম্বে তাকে প্রত্যাহার করা না হলে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বৃহস্পতিবারের ঘটনায় নিহত দুই শ্রমিক ও আহতদের জন্য ক্ষতিপূরণ দাবী করেন।