২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র নির্বাচনের আগে অন্তর্ঘাতমূলক তৎপরতার আশংকা করছেন জোট প্রার্থী মীর নাসির

মেয়র নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে অন্তর্ঘাতমূলক তৎপরতার আশংকা প্রকাশ করেছেন চারদলীয় জোট প্রার্থী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সোমবার তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, নির্বাচনে পরাজয় আঁচ করতে পেরে বিরোধী দল অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে নির্বাচন বানচাল করতে চায়। এ জন্য আওয়ামী লীগ হয়তো কোনো মেয়র প্রার্থীকে হত্যা করতে পারে।

তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে এ তথ্য পাওয়ার পর বিষয়টি সরকারের বিভিন্ন পর্যায়ে জানানো হয়েছে। একই সাথে তার (নাসির) বাসায়ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

তবে জোট প্রার্থীর এ আশংকা নাকচ করে দিয়েছেন সিএমপি’র কমিশনার আমজাদ হোসেন।

তিনি বিডিনিউজকে বলেছেন, এ ধরণের কিছু ঘটতে পারে বলে আমি মনে করিনা। তবে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে পাঠানো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) চিঠি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমরা নজরে রেখেছি। ঘটনার পর পুলিশ সতর্ক থাকলেও চিঠির সত্যতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

১৩ এপ্রিল উলফার নামে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে পাঠানো এক চিঠিতে দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর হুমকি দেওয়া হয়।