মঙ্গলবারের মধ্যে আঁড়িয়াল খাঁ সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে আ. লীগ
ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের আঁড়িয়াল খাঁ সেতু’র নির্মাণ কাজ চার মাস আগে শেষ হলেও সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মঙ্গলবারের মধ্যে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছে।
সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন সরকার যদি বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সেতুটি খুলে দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ সমাবেশের মাধ্যমে সেতুটি উন্মুক্ত করার উদ্যোগ নেবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, “এটা খুবই দুঃখজনক যে জনগণের করের টাকা এবং দেশের মানুষের নামে বিদেশ থেকে আনা ঋণের টাকায় নির্মিত সেতুটি প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে জনগণ ব্যবহার করতে পারছে না।”
শেখ সেলিম তাঁর লিখিত বক্তব্যে বলেন, “সেতুটি উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর কোন সময় না পাওয়া এটা তার ব্যর্থতা। এজন্য আমরা দুর্ভোগ পোহাবো কেন?”
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “আমরা দক্ষিণাঞ্চলের প্রতিনিধি হিসেবে সাবেক আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় তৈরি সেতুটি অবিলম্বে চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছি সরকারের কাছে।”
শেখ সেলিম আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান দক্ষিণাঞ্চল সফরের সময় তার সফরসঙ্গীদের নিয়ে সেতুর ওপর গাড়ি চালিয়ে পার হয়েছে।
তিনি প্রশ্ন করেন, “ক্ষমতাসীনরা যদি উদ্বোধনের আগেই সেতুটি ব্যবহার করতে পারে তাহলে সাধারণ জনগণ সেতুটি ব্যবহার করলে দোষ কোথায়?”
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, “উন্নয়নের ধোঁয়া তুলে জোট সরকার জনগণকে বোকা বানাচ্ছে। অন্যদিকে দ্রুত যোগাযোগ ব্যবস্থায় তারা বাধার সৃষ্টি করছে।”
এছাড়া সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, শাহজাহান খান এমপি, নূরে আলম চৌধুরী এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি, কর্নেল (অব.) শওকত আলী এমপি, লে. কর্নেল (অব.) ফারুক খান এবং বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
