তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার করে জনগণকে পছন্দের সরকার গঠনের সুযোগ দিতে হবে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জোট সরকার প্রশাসনের সর্বস্তরে দলীয়ককরণ করে নির্বাচনে কারচুপির নীল নকশা তৈরী করছে।
তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করে মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মন মতো সরকার গঠন করতে পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার করতে হবে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে রোববার বিকেলে পল্টন ময়দানে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে।
শেখ হাসিনা অভিযোগ করে বলেন, দেশের মানুষ সন্ত্রাসী, স্বৈরাচারী ও গডফাদারদের আর ভোট দেবে না, এটা বুঝতে পেরে বিএনপি-জামাত জোট ভোট চুরির ষড়যন্ত্র করছে। এ জন্যেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কার দরকার।
শেখ হাসিনা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন- ঘাতক, ষড়যন্ত্রকারী, স্বৈরাচারী ও ইতিহাস বিকৃতিকারী এই বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলি।
তিনি বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসে আমাদের শপথ হোক, একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে যেভাবে দেশ স্বাধীন করেছি, তেমনি বাংলার মানুষকে অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের হাত থেকে মুক্ত করে দেশবাসীর ভোটাধিকার ফিরিয়ে আনবো।
মুজিবনগর দিবস সরকারিভাবে পালন না করায় বিএনপি-জামাত জোটের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আসল ইতিহাস বের হয়ে যাবে বলে তারা ঐতিহাসিক এ দিবস উদ্যাপন করছে না। অন্যদিকে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে মিথ্যে ইতিহাস শেখাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাৎ করতে চায়। তারা বাংলাদেশকে আবার পরাধীন করতে চায়।
শেখ হাসিনা বলেন, একাত্তরের পরাজিত শক্তির এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। রক্তে রঞ্জিত মুক্তিযুদ্ধের মহান ইতিহাস বিকৃত হতে দেবো না।
শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, খালেদা জিয়া আলবদর-রাজাকারদের সঙ্গে নিয়ে সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গডফাদার তৈরী করে সন্ত্রাস-মাস্তানী করে দেশ শাসন করছে। গোটা দেশকে ক্ষত-বিক্ষত করছে তারা।
তিনি বলেন, বাংলার আকাশে-বাতাসে এখন শুধু লাশের গন্ধ। জিয়া যতদিন ক্ষমতায় ছিলেন, তখনও ছিল এমন লাশের গন্ধ।
শেখ হাসিনা প্রশ্ন করেন, অত্যাচার-নির্যাতন, মাস্তানী-গুণ্ডামী করে কতদিন তারা বাংলার মানুষকে দাবিয়ে রাখবে, শোষণ করবে?
আওয়ামী লীগ সভানেত্রী ‘বিএনপি-জামাত জোট সরকারের সন্ত্রাস, হত্যা, দুর্নীতি, দলীয়করণ, দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি এবং মিথ্যাচারের’ সমালোচনা করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ছাড়াও প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, মোহাম্মদ হানিফ, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, মুকুল বোস, আসাদুজ্জামান নূর, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ আলোচনায় অংশ নেন।
আলোচনা সভা শেষে একই স্থানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
