২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ঘোষণাপত্র অস্বীকার ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কমিটি গঠন

স্বাধীনতার ঘোষণাপত্র অস্বীকার ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

রোববার ডব্লিউভিএ মিলনায়তনে উপস্থিত সকলের সম্মতিক্রমে স্বাধীনতার ঘোষণাপত্র, বাংলাদেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক এক আলোচনা সভায় এ কমিটির নাম ঘোষণা করা হয়।

পাঁচ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে বিচারপতি কেএম সোবহানকে সভাপতি করা হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবিধানকে অস্বীকার করার মাধ্যমে দেশকে অস্বীকার করা হয়। এতে রাষ্ট্রকেও অস্বীকার করা হয়। রাষ্ট্রকে অস্বীকার করার মানে রাষ্ট্রদ্রোহিতা করা।

তারা আরও বলেন, বর্তমান জোট সরকার যেভাবে সংবিধানকে ধারাবাহিকভাবে লঙ্ঘন করছে, তাতে একদিন মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে।

অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, বিচারপতি কেএম সোবহান, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক অজয় রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি।