বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিবনগর দিবস পালিত, আপডেট
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার ঢাকা ও মুজিবনগরসহ সারাদেশে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালিত হয়।
ভোর ৬ টায় আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
সকাল সাড়ে ৭ টায় আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিমসহ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান। সেখানে তিনি কোরান তেলাওয়াত ও মোনাজাত করেন।
বিকেলে আওয়ামী লীগ পল্টন ময়দানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
মেহেরপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মুজিবনগরে সকাল ৯ টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পৌনে ১০ টায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গনে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। এছাড়াও সাবেক তথ্য মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, তালুকদার আবদুল খালেক, কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক আব্দুল মান্নান এবং মেহেরপুরের এমপি প্রফেসর অব্দুল মান্নান সভায় উপস্থিত ছিলেন।
