২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার উন্নয়নের রাজনীতি করে: যোগাযোগ মন্ত্রী

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, চারদলীয় জোট সরকার উন্নয়নের রাজনীতি করে। ১৪ কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

তিনি আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন দল হিসেবে উল্লেখ করে বলেন, বিরোধী এ দলটি বাংলাদেশকে বিদেশের সেবাদাসে পরিণত করতে চায়। তারা দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় শনিবার বিকালে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আরও বলেন, হরতাল, ধ্বংসযজ্ঞ, নৈরাজ্য ও সন্ত্রাস ছাড়া জাতিকে তারা কিছুই দিতে পারেনি। কালো হাত দিয়ে তারা যেন আর জাতির উন্নয়ন, অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে এবং ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সেজন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

জনসভায় আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম), সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ও সাবেক সংসদ সদস্য খন্দকার শহীদ আহমেদও বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন, কাঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম মিরন সিকদার।