২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্কবিকৃত এরশাদের সাথে কোন জোট নয়: পীরজাদা ফয়সল

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, বয়সজনিত কারনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মস্তিস্ক বিকৃতি ঘটেছে। মস্তিস্ক বিকৃত কারো সাথে জোট করা যায় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

জাকের পার্টি ও তার চেয়ারম্যান সম্পর্কে এরশাদের সা¤প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিডিনিউজকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

এ সময় পার্টির অতিরিক্ত মহাসচিব মুন্সী আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, জাকের পার্টি স্বৈরাচার ও রাজাকারের সাথে কোন আপস করবে না। স্বৈরাচারী এরশাদের নেতৃত্বাধীন কোন জোটে যাবে না। এমনকি জাকের পার্টির নির্বাচনী জোটেও এরশাদকে নেবে না। দেশের মানুুষ তার চরিত্র সম্পর্কে ভালই জানে।

তবে বাম দলগুলোর সাথে জোটে যেতে কোন আপত্তি নেই বলে তিনি জানান।

তিনি বলেন, এরশাদকে তিনি কখনোই আমন্ত্রণ জানাননি। এরশাদই সাক্ষাত করে তার নেতৃত্বাধীন জোটে যোগ দিতে অনুরোধ করেন।  সেই সাথে দল চালাতে তার কাছে আর্থিক সহায়তাও চান।

ফয়সাল বলেন, নাজিউর রহমান মঞ্জুর তার সমস্ত টাকা আত্মসাত করেছেন বলে এরশাদ তাকে জানিয়েছেন। গত তিনটি নির্বাচনে ৬০ কোটি টাকা খরচের পর বর্তমানে দল চালাতে না পেরে এরশাদ তার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন বলে ফয়সল জানান।

আরব আমিরাতের শেখ নাহিয়ান বেঁচে থাকলে টাকার সমস্যা হতো না, এরশাদ একথা বলেছেন বলে জানিয়েছেন ফয়সল। সেই সাথে তিনি এরশাদের সম্পদের উৎস এবং বিদেশ থেকে অর্থপ্রাপ্তির বিষয়ে তদন্ত দাবি করেছেন।

পীরজাদা ফয়সাল বলেন, আটরশি দরবার শরীফের জন্য এরশাদের কোন অবদান নেই। ‘এলমে মারেফত’ ও ‘এলমে লাদুন্নী’ সম্পর্কেও তার কোন ধারণা নেই। তাই তিনি জাকের পার্টির প্রতিষ্ঠাতা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পেরেছেন। জাকের পার্টির রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে এরশাদ সংবিধান লংঘন করেছেন।