সামাদ আজাদের অবস্থার কিছুটা উন্নতি : ভেন্টিলেটর খুলে ‘ট্রায়াল’ চলছে
বারডেম’র আইসিইউতে চিকিৎসাধীন বর্ষিয়ান রাজনীতিক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এমপি’র অবস্থা কিছুটা উন্নতির দিকে। শুক্রবার সকাল থেকে তার দেহে সংযোগকৃত ভেন্টিলেটর খুলে ‘ট্রায়াল’ দেয়া হচ্ছে।
বারডেম’র আইসিইউ ইনচার্জ অধ্যাপক ওমর ফারুক ও সহযোগী অধ্যাপক রওশন আলী বসুনিয়ার তত্ত্বাবধানে এখন তার চিকিৎসা চলছে।
ডাঃ রওশন শুক্রবার বিডিনিউজ’কে বলেন, সাময়িক খারাপ অবস্থা থেকে সামাদ আজাদের শরীরে কিছুটা উন্নতির লক্ষণ দেখা দিয়েছে বলেই ভেন্টিলেটর খুলে ট্রায়াল দেয়া হচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইসিইউ’র কর্তব্যরত ডাক্তার তারান্নুম বিডিনিউজ’কে জানান, আব্দুস সামাদ আজাদের ফুসফুস ও পাকস্থলিতে ক্ষত সৃষ্টি এবং ফুসফুসে পানি জমে থাকায় তার শারীরিক অবস্থা খুব ভালো নয়। এছাড়া কিডনির অবস্থাও খারাপ।
এ অবস্থায় তাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে।
তিনি জানান, বেশ ক’দিন থেকে ভেন্টিলেটরের মাধ্যমে সামাদ আজাদের দেহে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস চলছে। শুক্রবার সকাল থেকে ট্রায়াল শুরু হয়েছে। চার ঘন্টা পর পর ১৫ মিনিট করে ভেন্টিলেটরের কানেকশন খুলে এ ট্রায়াল দেয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি তথা শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হলে তখন আর ভেন্টিলেটর রাখা হবে না বলে ডাঃ তারান্নুম জানান।
