বিজেপিতে নাজিউর-মতিন পাল্টাপাল্টি বহিস্কার : দ্বিধাবিভক্তি স্পষ্ট
চারদলীয় জোটের শরীক বাংলাদেশের জাতীয় পার্টিতে (বিজেপি) পাল্টাপাল্টি বহিস্কার শুরু হয়েছে। ফলে দলের দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়ে গেছে।
বৃহস্পতিবার সভাপতি নাজিউর রহমান মঞ্জুর বহিস্কার করেছেন দলের সংসদ সদস্য ডাঃ এমএ মতিনকে। অপরদিকে বুধবার রাতেই ডাঃ মতিন নিজেকে সভাপতি ও নাজিউর রহমান মঞ্জুরকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।
দুপক্ষই দাবি করেছে এ বহিস্কারের সিদ্ধান্ত প্রেসিডিয়ামের বৈঠকে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডাঃ মতিনের নেতৃত্বাধীন অংশে অতিরিক্ত মহাসচিব একেএম মাইদুল ইসলামকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। দলের মহাসচিব সাইফুর রহমানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অংশের ভারপ্রাপ্ত মহাসচিব একেএম মাইদুল ইসলাম বিডিনিউজকে জানান, বুধবার রাতে দলের প্রেসিডিয়ামের সভায় নাজিউর রহমান মঞ্জুরকে অব্যাহতি ও ডাঃ মতিনকে সভাপতি মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। নাজিউরকে জোটবিরোধী বক্তব্য দিয়ে সরকারের ভাবমূর্তি বিনষ্ট ও দলীয় শৃংখলা লংঘন করার অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
তিনি আরও জানান, দলের মহাসচিব কোন পক্ষে রয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়নি। বিষয়টি স্পষ্ট হলেই তার সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে নাজিউর রহমানের সমর্থক অংশের একটি সূত্র জানায়, অসুস্থতার কারনে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নাজিউর বৃহস্পতিবার দুপুরে হাসপাতালেই দলের প্রেসিডিয়ামের সভায় মিলিত হন। সেখানে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ডাঃ এমএ মতিনকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে ডাঃ এমএ মতিন সাংবাদিকদের জানান, জোটে থেকেও দলের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সংখ্যাগরিষ্ট প্রেসিডিয়াম সদস্য একমত হলেই সভাপতিকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া যায়।
তিনি দাবি করেন, প্রেসিডিয়ামের ১৯ জন সদস্যের মধ্যে ১২ জনই তাদের সাথে রয়েছে। বিজেপি জোটের সাথে ছিল, আছে এবং থাকবে।
