২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট দুঃশাসনের কবল থেকে মানুষ মুক্তি পাবে, নববর্ষে এ কামনা করি : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নতুন বছরে আমার কামনা মানুষ বিএনপি-জামাত জোটের দুঃশাসন ও অত্যাচার থেকে মুক্তি পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির বাসভবন সুধাসদনে বিডিনিউজসহ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। সরকারের দুর্নীতি-সন্ত্রাস, দ্রব্যমূল্যের উর্ধগতি, অত্যাচার-অবিচার-নির্যাতনে মানুষের নাভিশ্বাস উঠেছে।

শেখ হাসিনা বলেন, নতুন বছর মানুষের জীবনে শুভ বার্তা বয়ে আনবে, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে - এ কামনা করি।

তিনি বলেন, বাংলাদেশ আবারো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্ব সভায় আধুনিক সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। স্বপ্নের  সোনার বাংলা হিসেবে এ দেশকে গড়ে তোলাই হবে আমাদের প্রত্যাশা। 

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে ফুলের তোড়া দিয়ে তাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং সর্বস্তরের মানুষ নববর্ষ উপলক্ষে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।