২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার সংস্কার ও সিইসি নিয়োগ নিয়ে সরকারকে গোলটেবিল বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন রাজনীতিবিদরা

দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদগন রোববার এক জনসভা থেকে সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে গোলটেবিল বৈঠক আয়োজনের আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

বিএনপি-জামাত জোট সরকারকে সতর্ক করে দিয়ে বক্তারা বলেন, ক্ষমতায় থাকার জন্য কোন প্রকার সন্ত্রাস কিংবা ছলচাতুরির সাহায্য নেবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার আনতে ও নির্বাচন কমিশনে নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিতে সরকারকে বাধ্য করতে জনগণ ঐক্যবদ্ধ বলে তারা সমাবেশে জানান।

ঐতিহাসিক পল্টন ময়দানে আয়োজিত এ জনসভায় জাতীয় ঐক্যমঞ্চের আহবায়ক ড. কামাল হোসেন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করুন। আপনারা ইচ্ছামতো ক্ষমতায় আঁকড়ে থাকতে পারবেন না। তিনি বলেন, এমাসের মধ্যেই গোলটেবিল বৈঠক আয়োজন সম্পর্কে জানাতে হবে।

ড. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জন সমাবেশে আরও বক্তব্য রাখেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, বিকল্প ধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর (অবঃ) আব্দুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর রহমান ও মোস্তফা মহসীন মন্টু।

ড. কামাল বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীন হতে হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগকালে সরকারি দল, বিরোধী দল, সাবেক রাষ্ট্রপতি, সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের মতামত গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে আমরা কোন বিতর্ক দেখি না কিন্তু মূল বিষয় হলো নিরপেক্ষতা।

তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারে পরিবর্তন আনতে সকল সমমনা দলগুলোর অংশগ্রহণে থানায় থানায় জনগণের ঐক্য গড়ে তুলতে হবে। তবে সুশাসন নিশ্চিত করত সরকারের এই পরিবর্তনটি হতে হবে অর্থবহ ও গুনগত।

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, পরবর্তী সংসদীয় নির্বাচনকে নিরপেক্ষ হতে হবে। নির্বাচনে সরকারকে সন্ত্রাস ও ছলচাতুরির পথ অনুসরণ করতে দেয়া হবে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যে কোন মূল্যে নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার আনা হবে বলে তিনি জানান।

অতীত স্মরণ করে তিনি বলেন যখন বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন করছিল বর্তমান প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা মেনে নিতে চাননি। কিন্তু জনগণের চাপে পড়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে রাজি হন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন বিএনপি-জামাত জোট সরকার দুঃশাসন, সন্ত্রাস ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের জনগণের অস্তিত্বকে হুমকির সম্মুখীন করে তুলেছে। তিনি সমমনা দলগুলোর নেতৃবৃন্দের প্রতি রাজপথে একসাথে সরকারবিরোধী গনঅভ্যুত্থানে অংশগ্রহণের আহবান জানান।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন যদি বিরোধী দলের সাথে আলোচনা না করে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় তাহলে ‘খালেদা-নিজামী’ সরকারকে পতনে বাধ্য করা হবে এবং নির্বাচন কমিশনকে বুড়িগঙ্গা নদীতে ছুড়ে ফেলা হবে।

জনসমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক হুইপ আব্দুর রউফ, অর্থনীতিবিদ আবুল বারকাত, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা, গন আজাদী লীগের নেতা এডভোকেট আব্দুস সামাদ, এডভোকেট সগীর আনোয়ার, প্রজন্ম ৭১ প্রতিনিধি শাহীন রেজা নূর, এডভোকেট সুরাইয়া বেগম, ছাত্র নেতা মঞ্জুর আহমেদ, গার্মেন্টস শ্রমিক নুরুন্নাহার ও বস্তিবাসী আনোয়ারা বেগম।