চট্টগ্রামে চারদলীয় জোটে সংকট
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী ঐক্য জোট মেয়র পদে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় চারদলীয় ঐক্য জোটে সংকট দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চারদলীয় জোট চট্টগ্রাম মহানগর কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মীর মোহাম্মদ নাছির উদ্দীনকে জোটের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনার জন্য জোটের পক্ষ থেকে কমিটিও করা হয়। এই কমিটিতে ইসলামী ঐক্য জোটের দুজন সদস্য রয়েছে।
ইসলামী ঐক্য জোট (আমিনী) সূত্র বলছে, ওই দুজন তাদের প্রতিনিধিত্ব করার অধিকার রাখেন না। কারণ তারা নেজামে ইসলাম পার্টির সদস্য।
সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী ঐক্য জোটের মেয়র প্রার্থী ঘোষণা করার ব্যাপারে চারদলীয় ঐক্য জোট মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক জামাত নেতা মাওলানা শামসুল ইসলাম বিডিনিউজকে বলেন, চারদলীয় জোটের ঐক্যবদ্ধ মেয়র নির্বাচনের সিদ্ধান্ত বদল হচ্ছে না। যারা মেয়র প্রার্থী ঘোষণা করেছে তারা চারদলীয় জোটে প্রতিনিধিত্ব করছে না বলে তিনি জানান।
চারদলীয় জোটের একটি সূত্র জানায়, তারা নির্বাচন নিয়ে ইসলামী ঐক্য জোটের গ্র“পগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
