আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটে ভাঙন
ক্ষমতাসীন চার দলীয় জোটের শরিক দল মুফতি আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোট রোববার আনুষ্ঠানিকভাবে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত অংশটির নেতৃত্ব দিচ্ছেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।
বিভক্ত ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বে ইসলামকে ধ্বংস করার জন্য অশুভ শক্তি সক্রিয় রয়েছে। বাংলাদেশেও সেই শক্তি স্থানীয় দোসরদের নিয়ে কাজ করে যাচ্ছে বলে তারা মনে করেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের একটি বড় দল হচ্ছে ইসলাম বিরোধী কার্যক্রমের পৃষ্ঠপোষক এবং তারা দেশের জনগণকে ভুল বোঝাচ্ছে।”
বিভক্ত ইসলামী ঐক্যজোটের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ও আলহাজ্ব মিসবাহুর রহমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নবগঠিত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশীদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব ইসমাইল জেহাদি এবং এডভোকেট নুরুল ইসলাম খান।
মুফতি ফজলুল হক আমিনির প্রতি ইঙ্গিত করে তারা বলেন, চার দলীয় জোটের মধ্যে ভাঙন ধরাতে কেউ কেউ অপ্রত্যাশিতভাবে গোপনে কাজ করে যাচ্ছে।
বিভক্ত ইসলামী ঐক্য জোটের নেতারা বলেন, কারও ব্যক্তিগত ইচ্ছায় নয়, দেশ ও জাতির বৃহৎ স্বার্থে জোট সরকার গঠন করা হয়েছিল। কিন্তু তারা দুঃখ প্রকাশ করে বলেন জোট সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি ব্যক্তিগত স্বার্থের কারণে ভুল পথে চলছেন এবং ক্ষমতাসীন সরকার সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখছেন।
