নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে: গোলটেবিল আলোচনায় বক্তারা
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে শুধু নিরপেক্ষ ব্যক্তি নিয়োগই নয় নির্বাচনের প্রক্রিয়াকে নিরপেক্ষ করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে।
রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় দেশের বরেণ্য রাজনীতিক, বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিক ও বুদ্ধিজীবীগণ এ অভিমত ব্যক্ত করেন। আলোচনার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশের নির্বাচনী সংস্কার: একটি প্রাথমিক প্রস্তাবনা’।
আলোচনায় আরও বলা হয়, কমিশনের নিজস্ব সচিবালয় থাকতে হবে। এর সকল কর্মকর্তা ও কর্মচারি নিয়োগের ক্ষমতা কমিশনেরই থাকতে হবে।
দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে এই গোলটেবিল আয়োজন করে। অধ্যাপক মোজাফফর আহমেদ’র সভাপতিত্বে এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
আলোচনায় অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রহমত আলী, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান, জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু, বিএনপির সংসদ সদস্য ও প্রাক্তন আমলা মুশফিকুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বিশিষ্ট আইনজ্ঞ ড. এম জহির, বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব ফিরোজ এম হাসান, অধ্যাপিকা শওকত আরা হোসেন, মুজিবুল হক, ওয়ারেসুল করিম ও শারমীন মোর্শেদ।
আলোচনায় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের নিজেদের যাবতীয় ব্যয় করার ক্ষমতা থাকতে হবে। তবে কমিশন প্রধানমন্ত্রীর দপ্তরে নয়, রাষ্ট্রপতির কাছে তার বার্ষিক হিসাব দাখিল করবে। এ জন্য নির্বাচনী আইন সংস্কার জরুরী। একই সাথে প্রচলিত আইনেরও কঠোর প্রয়োগ করতে হবে।
বিচারপতি আব্দুর রউফ নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী করার প্রস্তাব করে বলেন, বর্তমান প্রক্রিয়ায় কমিশনের প্রধান ও অন্য কমিশনারদের শুধুমাত্র কলমের স্বাধীনতা রয়েছে। এর মধ্যেই কমিশনকে কাজ করতে হয়।
তিনি বলেন, নির্বাচনের অন্যতম প্রধান উপাদান হিসেবে প্রকৃত ভোটারদের ভোট কেন্দ্রে দাঁড় করাতে হবে। এজন্য ভোটার পরিচয়পত্র অত্যন্ত জরুরী। তবে রাজনৈতিক দলগুলোর ‘ব্যাক ডোর’ দিয়ে ক্ষমতায় যাওয়ার আকাক্সক্ষার কারণে কোনও দলই পরিচয়পত্রের ব্যাপারে আগ্রহী নয়।
তিনি নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে জাতীয় বাজেটে মানব উন্নয়ন খাতে থোক বরাদ্দ দিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো পরিচালনার জন্য বন্টন করে দেওয়া এবং কোনও দল নির্বাচনে আড়াই শতাংশ ভোট না পেলে তাদের নিবন্ধন বাতিলের পরামর্শ দেন।
এএসএম শাহজাহান বলেন, নিবন্ধিকরণের মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। কিন্তু এখানে দলগুলোর মধ্যে নিবন্ধিকরণে তেমন আগ্রহ দেখা যায় না। দলের ভেতর স্বচ্ছতা ও গণতন্ত্রের চর্চা করতে হবে। নির্বাচনী আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে।
ড. কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশনে কমিশনার নিয়োগের ক্ষেত্রে অবশ্যই সকল দল ও সুশীল সমাজের সাথে কথা বলা দরকার। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিকেই নিয়োগ দেওয়া দরকার। অন্যথায় ১৯ জন বিচারক নিয়োগের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।
অ্যাডভোকেট রহমত আলী বলেন, কোনো দলীয় রাষ্ট্রপতির অধীনে নির্বাচন নয়, রাষ্ট্রপতিকেও পদত্যাগ করে নিরপেক্ষ ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্বাচনকালে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারিকে নির্বাচন কমিশনের অধীনে দিতে হবে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও কমিশনকে দিতে হবে।
সাবের হোসেন চৌধুরী বলেন, ভোটার তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। গত নির্বাচনে দেশে ভোটার হওয়ার যোগ্য মোট লোকের তুলনায় ১৩ শতাংশ বেশি ভোটার ছিল। এটি জালিয়াতির আশ্রয় নিয়ে করা হয়েছে। কেন্দ্রের ভোটার তালিকার সাথে কমিশনের তালিকার ব্যাপক অমিল ছিল।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ভোট কেন্দ্রে জালিয়াতি রোধে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) স্থাপনের প্রস্তাব করেন।
মুশফিকুর রহমান বলেন, প্রচলিত আইনের প্রয়োগ করতে না পারলে নতুন আইন করে কী লাভ? এজন্য আইনের কাঠামোর বাইরে কিছু কাজ রয়েছে, তাই সুশীল সমাজকে করতে হবে।
জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু সকলের সাথে আলোচনার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সদস্যদের নিয়োগের সুপারিশ করেন।
তিনি ২০০১ সালে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমেদের জারী করা নির্বাচনী অধ্যাদেশ বাতিলেরও দাবি জানান।
