২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা চায় কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠন ও গ্রেনেড হামলাকারিদের বিচার হোক : শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মার্কিন কর্মকর্তা

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্যে কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠন করা দরকার। এছাড়া, মার্কিন সরকার চায় ২১ আগস্টসহ বাংলাদেশে সংঘটিত সকল গ্রেনেড ও বোমা হামলাকারিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার হোক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের উপ সহকারি সেক্রেটারি জন অ্যান্থনি গ্যাস্ট্রিট জুনিয়র রোববার আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, দুর্র্নীতি বাংলাদেশে বিনিয়োগকারিদের টাকা হাতিয়ে নিচ্ছে।

বৈঠকে তিনি জানান, সাবেক অর্থমন্ত্রী শাহ্ এমএস কিবরিয়া হত্যার ব্যাপারে এফবিআই বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ বা স্বাধীনভাবে কোনও  তদন্ত করছে না।

শেখ হাসিনার ধানমণ্ডির সুধাসদনের বাসভবনে বিকেল সাড়ে তিনটা থেকে সোয়া এক ঘন্টার এ বৈঠকে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যান্থনি গ্যাস্ট্রিট বলেন, বাংলাদেশে এটি আমার প্রথম সফর। বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনসহ এখানকার বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার বিষয়গুলো আমি ফিরে ওয়াশিংটনকে জানাবো। 

তিনি বলেন, ২১ আগস্টের হত্যাকাণ্ড ও গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যা চেষ্টার ঘটনায় আমেরিকা দু:খ প্রকাশ করেছে। 

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী জানান, অ্যান্থনি বাংলাদেশে গণতন্ত্র, সংসদ, মানবাধিকার, আগামী নির্বাচন, সংবাদ মাধ্যমের স্বাধীনতাসহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করলে কোন কোন বিষয়কে প্রাধান্য দেবে এবং সরকারের অগ্রাধিকার খাত কী কী হবে, সে বিষয়েও তিনি জানতে চান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচনী আইন সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কেও তাকে জানানো হয়েছে বলে সাবের চৌধুরী জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি, সাবের হোসেন চৌধুরী এবং আমেরিকার পলিটিক্যাল কাউন্সিলর ডাণ্ডাস ম্যাককিউলফ উপস্থিত ছিলেন।