শেখ হাসিনার কাছে তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার সংক্রান্ত আওয়ামী লীগের উপ কমিটির প্রস্তাব হস্তান্তর শেখ হাসিনার কাছে তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার সংক্রান্ত আওয়ামী লীগের উপ কমিটির প্রস্তাব হস্তান্তর
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন আইন সংস্কার বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত সাব কমিটির প্রস্তাবনা দলীয় সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
আওয়ামী লীগের নির্বাচন বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান এবং আইন বিষয়ক উপ কমিটির কো চেয়ারম্যান এডভোকেট রহমত আলী এমপি শুক্রবার দুপুরে দুই পৃষ্ঠার ১৯ দফার এই প্রস্তাবনা হস্তান্তর করেন। দলের নির্বাচন সংক্রান্ত সাব কমিটি এই প্রস্তাবনা তৈরি করেছে।
প্রস্তাবনায় বলা হয়, সংবিধানের ৫৮(খ), ৫৮(গ), ১১৮(৪), ১২০ ও ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার করা যেতে পারে।
এতে আরও বলা হয়, বিচারপতি, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আইনজীবীদের মধ্য থেকে সর্বদলীয়ভাবে গ্রহনযোগ্য ব্যক্তি ও ব্যক্তিদের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সর্বদলীয়ভাবে গ্রহনযোগ্য বিচারপতি, শিক্ষক বা প্রশাসনিক কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ করা হয়।
রাষ্ট্রপতির ভূমিকা সম্পর্কে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দলীয় রাষ্ট্রপতি থাকবে না। এ সময়কালে রাষ্ট্রপতির অধীনে কোন মন্ত্রনালয়ও থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারকে রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে হবে না। শুধু জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম সম্পর্কে প্রস্তাবে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনী কার্যক্রম ভিন্ন অন্য কিছুই করবে না। ডিসি, এসপি, টিএনও, ওসি তত্ত্বাবধায়ক সরকার বাধ্যতামূলকভাবে বদলাবে। স্কুল কলেজ, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা কমিটি করতে হবে। নির্বাচনের সময় সর্বদলীয় সিদ্ধান্ত ছাড়া কোন অধ্যাদেশ জারি করা যাবে না।
