খিলগাঁও ফ্লাইওভার নিয়ে প্রকাশ্য আলোচনার আহবান জানালেন সাবের চৌধুরী
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ও ঢাকা-৬ আসনের সাবেক সাংসদ সাবের হোসেন চৌধুরী খিলগাঁও ফ্লাইওভার নিয়ে বিবৃতি-পাল্টা বিবৃতির প্রতিযেগিতায় না গিয়ে প্রকাশ্য আলোচনা করে সমস্যা সমাধানের জন্যে আবারো আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের অর্থে নির্মিত ফ্লাইওভার বিষয়ে জানার সম্পূর্ণ অধিকার জনগনের রয়েছে। তিনি বলেন, অনুমোদিত নকশা পরিবর্তনের ফলে ফ্লাইওভারটি নির্মাণের উদ্দেশ্য অনেকাংশেই ব্যাহত হয়েছে।
সাবের চৌধুরী স্থানীয় সাংসদ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের দেওয়া বক্তব্যকে খোঁড়া যুক্তি হিসেবে অভিহিত করে বলেন, ‘আমি সুষ্পষ্ট করে বলতে চাই - দুটি লুপ নির্মাণ করতে গিয়ে যেন বাড়ি-ঘর ভাঙতে না হয়, তা বিবেচনায় রেখেই সংযোগ ফ্লাইওভারের ডিজাইন করা হয়েছিল।’
এছাড়া, এলজিআরডি’র প্রধান প্রকৌশলী মির্জা আব্বাসের সামনেই সাংবাদিকদের বলেছেন, অনুমোদিত নকশায় দু’টি লুপই ছিলো।
তিনি বলেন, আমি আশা করেছিলাম এলাকার মানুষের মঙ্গলের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মির্জা আব্বাস আমার আহ্বানে সাড়া দেবেন। কিন্তু দু:খজনক হলো তিনি তা করেন নি।
সাবের হোসেন অবিলম্বে অপর লুপটি নির্মাণ করে ফ্লাইওভারটিকে পূর্ণতা দিয়ে খিলগাঁওবাসীর দুর্ভোগ নিরসনের আহ্বান জানান। স্থানীয় সাংসদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার জনগন ফ্লাইওভারের কৃতিত্ব নিয়ে কোনো প্রতিযোগিতা আশা করে না। তারা চায় সমস্যার বাস্তবসম্মত সমাধান।
