স্কপ ৬ তারিখের শিল্প ধর্মঘট প্রত্যাহার করেছে
শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) মঙ্গলবার রাত্রে গৃহীত এক সিদ্ধান্তে ৬ এপ্রিলের শিল্প ধর্মঘট প্রত্যাহার করেছে। এক জন স্কপ নেতা বিডিনিউজকে বলেন, সাফল্যের সাথে ধর্মঘটের প্রথম দিন অতিবাহিত হওয়ার পরও আমরা শ্রমিক আন্দোলনের বৃহত্তর স্বার্থে ৬ তারিখের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছি।
জাতীয় মজুরী কমিশন গঠন, কল-কারখানা বিরাষ্ট্রীয়করণ বন্ধ ও আইএলও কনভেনশন অনুযায়ী জাতীয় শ্রমনীতি ঘোষণাসহ বিভিন্ন দাবিতে স্কপ ৫ ও ৬ এপ্রিল দেশ জুড়ে শিল্প ধর্মঘট আহ্বান করেছিলো।
তবে এ বিষয়ে সরকার পক্ষের সাথে কোনো ধরণের গোপন সমঝোতার কথা তিনি অস্বীকার করেন।
তিনি জানান, আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য বৈঠকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঠিক করা হবে।
