সরকারের নিন্দা করে লসঅ্যাঞ্জেলস টাইমসে নাজলি কিবরিয়ার মন্তব্য প্রতিবেদন প্রকাশ
বোমা হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়ার কন্যা নাজলি কিবরিয়ার একটি মন্তব্য প্রতিবেদন লসঅ্যাঞ্জেলস টাইমস পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে পিতার হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তে বিএনপি-জামাত জোট সরকার সহযোগিতা না করায় তাদের নিন্দা করেছেন নাজলি।
বোস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাজলি কিবরিয়া তার প্রতিবেদনে বলেছেন, অপরাধ করে সন্ত্রাসীদের পার পেযে যাওয়ার মতো এক পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সরকারের নির্লিপ্ততার কারণেই তা সম্ভব হচ্ছে। তারপরও সরকার বারবার দাবি করছে, দেশে কোনও সন্ত্রাসী তৎপরতা নেই।
তিনি সঙ্গীত উৎসব, নাট্যমঞ্চ এবং ভ্যালেনটাইন ডের বোমা বিস্ফোরণের ঘটনাসহ সাম্প্রতিক সময়ের বোমাহামলার ঘটনাগুলো উল্লেখ করে বলেন, যারা বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর বোমহামলা করেছে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বা যারা প্রগতিশীল লেখক ও বুদ্ধিজীবীদের ওপর হামলা চালাচ্ছে, তাদের কোনও বিচার হচ্ছে না।
তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা চরমে পৌঁছেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এখন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহৃত হচ্ছে এবং তারা বেআইনিভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামাত জোট সরকার বিরোধী দলের পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচি চলাকালে গণগ্রেফতার চালিয়ে মত প্রকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। দুঃখজনক হলেও দেশে সংখ্যালঘুদের হয়রানি এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
নাজলি বলেন, বাংলাদেশে ‘বাংলাদেশী তালেবান’দের উত্থান ঘটেছে। এরা আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠগুলোর সাথে জড়িত।
তিনি বলেন, জাগ্রত মুসলিম জনতা নামের একটি সংগঠন দেশের উত্তর পশ্চিম এলাকায় তালেবানি কায়দায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত মাসে আন্তর্জাতিক চাপের মুখে সরকার জেএমজেবি নেতা কুখ্যাত বাংলাভাইকে গ্রেফতারের ব্যাপারে তৎপর হয়ে ওঠে। এর আগে সরকার বলেছে, দেশে জেএমজেবির ভাল ভূমিকা আছে এবং তাদের উপস্থিতিকেও সরকার তেমন একটা আমল দেয়নি।
প্রতিবেদনে নাজলির মন্তব্য হচ্ছে, বাইরের শক্তি, এমনকি মার্কিন যুকরাষ্ট্র যদি সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান আরও বিস্তৃত করে, তাহলে দেখা যাবে বাংলাদেশও এ ব্যাপারে তাদের আরও মনোযোগ দাবি করছে। বিভিন্ন কারণেই তখন সেটা কোনও বিস্ময়ের ব্যাপার হবে না।
১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের কোনও কৌশলগত গুরুত্ব ছিল না। এ পরিস্থিতিতে, যারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন, পারমাণবিক শক্তিসম্পন্ন দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান বাংলাদেশকে ছায়াচ্ছন্ন করে রেখেছে।
তিনি বলেন, কিন্তু চূড়ান্ত পরিণামে এ জন্য বাংলাদেশকে দারুণ মূল্য দিতে হবে।
প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, কেউ তার বাবাকে ফিরিয়ে দিতে পারবে না কিংবা যে পাশবিক উপায়ে তার বাবাকে হত্যা করা হয়েছে, তা অনুভব করে তার যে বেদনা, তা-ও কেউ মোচন করতে পারবে না।
তিনি বলেন, কিন্তু আমি মনে করি, এ হত্যার ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে তার যাত্রা শুরু করবে। সন্ত্রাস থেকে বেরিয়ে গণতন্ত্র ও ন্যায় বিচার এবং সহিষ্ণুতার দিকে সে যাত্রা, যা আমার বাবার খুব প্রিয় ছিল।
