এশিয়ান ইলেকশন সার্পোট ইনিস্টিটিউট প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার প্রস্তাব
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এক সম্মেলনে নিরপেক্ষ ও সুষ্ঠূ নির্বাচন নিশ্চিত করার জন্য এশিয়ান ইলেকশন সাপোর্ট ইনিস্টিটিউট প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছেন।
এছাড়াও তিনি আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ, তদন্ত এবং এর স্থায়ী সমাধানকল্পে ‘এশীয় সন্ত্রাস বিরোধী এজেন্সি’ গঠনেরও প্রস্তাব করেন। ঢাকায় প্রাপ্ত খবরে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার ম্যানিলায় অনুষ্ঠিত এসোসিয়েশন অব এশিয়ান পার্লামেন্টস ফর পিস’র (এএপিপি) সিনিয়র উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিলিপাইনের জেনারেল এসেম্বলির স্পিকার হোসে ডি ভেনেসিয়া, পাকিস্তানের ন্যাশনাল এসেম্বলির স্পিকার চৌধুরী আমির হোসেন, ইউরোপের পার্লামেন্টারি এসেম্বলি কাউন্সিলের সভাপতি রেনে ভ্যান ডের লিনডেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার জমির উদ্দিন সরকার এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সহ-সভাপতি হ্যান কাইদি।
শেখ হাসিনা তার বক্তব্যে আরও বলেন যে, দারিদ্রতাই প্রধান উদ্বেগের বিষয় কারণ বিশ্বের সকল মূল কারণ এটাই। ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে বাংলাদেশে দারিদ্রতা দূর করার উদাহরণ টেনে তিনি ‘এশিয়ান দারিদ্র বিরোধী ফান্ড’ গঠনের প্রস্তাব জানিয়ে বলেন ‘এটা হবে অসাধারণ বিনিয়োগ যা দক্ষিণ এশিয়ার দারিদ্র দূরীকরণে সহায়তা করবে।’
নিশ্চিত ও নিরাপদ ও বিশ্ব গঠনের জন্য এ কর্মসূচিতে ধনী দেশগুলোও সহায়তা করতে পারে বলে হাসিনা তার বক্তব্যে বলেন।
শেখ হাসিনা বলেন বাংলাদেশ দুই ধরণের সন্ত্রাসবাদে আক্রান্ত। তিনি আওয়ামী লীগের দুই এমপি আহসান উল্লাহ মাস্টার এবং শাহ এমএমএস কিবরিয়া হত্যাকান্ডের উদাহরণ টেনে বলেন, রাজনৈতিক মদদে প্রতিপক্ষকে হত্যা এবং তাকে খুন করার উদ্দেশ্যে সমাবেশে গ্রেনেড হামলা ছাড়াও দেশে জঙ্গীরা ধর্মনিরপেক্ষতা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, সরকারদলীয় একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আগামী ২০০৬ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সরকার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের সময় বিভিন্ন ভোট কেন্দ্র ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
